Hingalganj: বুথ লেভেল এজেন্ট হিসেবে এজেন্ট হিসেবে যাওয়া বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের। উত্তর ২৪ পরগণার হিঙ্গলগঞ্জের কালীতলা অঞ্চলের শামসের নগর ২৫৩ নম্বর বুথের বুথ লেভেল অফিসার সৌমিত্র মন্ডল মঙ্গলবার বিকেলে বাড়িতে বাড়িতে যায় এস আই আরএর ফর্ম বিতরণ করতে। বি এল ওর সঙ্গে বুথ লেভেল এজেন্ট হিসেবে যায় রঞ্জিত মল্লিক নামে এক বিজেপি কর্মী। অভিযোগ ওই বিজেপির বুথ লেভেল এজেন্টকে ধরে মারধর করে ওই এলাকার তৃণমূলের কর্মী সামাদ গাজী ও তার অনুগামীরা। এলাকার এই সক্রিয় তৃণমূল কর্মী সামাদ গাজীর নেতৃত্বে বেশ কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ওই বিজেপির বুথ লেভেল এজেন্ট এর উপর হামলা চালায়। তাকে মাটিতে ফেলে যথেচ্ছ মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার পর এলাকায় রয়েছে যথেষ্ট উত্তেজনা। খবর পেয়ে ঘটনা স্থলে যায় হেমনগর কোস্টাল থানার পুলিস। আগামীকাল অর্থাৎ বুধবার আহত ওই বিজেপির বুথ লেভেল এজেন্ট রঞ্জিত মল্লিক হেমনগর কোস্টাল থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানা গিয়েছে।
