ছত্তিশগঢ়: বর্তমানে হিন্দু উত্তরাধিকার আইন অনুযায়ী, বাবার সম্পত্তিতে মেয়ের সমান অধিকার আছে। অর্থাৎ ছেলে-মেয়ে নির্বিশেষে সব সন্তানই বাবার সম্পত্তির অধিকার পেতে পারেন। তারপরও ছত্তিশগঢ় হাইকোর্টে খারিজ হয়ে গেল এক মহিলার করা আবেদন। আদালতের নির্দেশে দেওয়া হল, বাবার সম্পত্তিতে তিনি কোনও অধিকার পাবেন না।
সম্পত্তির অধিকার চেয়ে এক মহিলা আদালতে আবেদন করেছিলেন। সেই আবেদন খারিজ হয়ে যায় হাইকোর্টে। ছত্তিশগঢ়ের সারগুজা জেলায় ছিল ওই মহিলার সম্পত্তি। সেই আবেদন খারিজ করতে গিয়েই আইনের কথা উল্লেখ করেছে আদালত।
আসলে হিন্দু উত্তরাধিকার আইন কার্যকর হয়েছে ১৯৫৬ সালে। তার আগে উত্তরাধিকারের বিষয়টি মিতাক্ষরা আইন অনুযায়ী কার্যকর ছিল। সেই আইনে কোনও মহিলা তখনই বাবার সম্পত্তির অধিকারী হত, যখন কোনও পুরুষ উত্তরাধিকারী থাকত না। কিন্তু হিন্দু উত্তরাধিকার আইনে বদল আনা হয়েছে। তাই ১৯৫৬ সালের আগে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের সন্তানদের ক্ষেত্রে মিতাক্ষরা আইন প্রযোজ্য বলেই নির্দেশে জানিয়েছে আদালত। গত ১৩ অক্টোবর বিচারপতি নরেন্দ্র কুমার ব্যাস ওই নির্দেশ দিয়েছেন।
এই মামলার ক্ষেত্রে ওই মহিলা ২০০৫ সালে সম্পত্তির অধিকার চেয়ে আবেদন করেছিলেন। তাঁর বাবার মৃ্ত্যু হয় ১৯৫০-৫১ সালে। সেই কারণেই নতুন আইনের আওতায় পড়ছে না ওই সম্পত্তি। আর এই ক্ষেত্রে ওই ব্যক্তির এক পুত্রসন্তান আছে, তাই কন্যাসন্তান এই সম্পত্তির অধিকারী হতে পারবে না।
উল্লেখ্য, ২০০৫ সালে হিন্দু উত্তরাধিকার আইনে এক গুরুত্বপূর্ণ সংশোধন করা হয়েছিল। সেই আইন অনুসারে কন্যাদের তাঁদের বাবার সম্পত্তিতে পুত্রের মতোই সমান অধিকার দেওয়া হয়। তার আগে শুধুমাত্র পুত্রই বাবার সম্পত্তির উত্তরাধিকারী হতে পারত। যদি তার বাবা উইল করে কন্যার নাম রেখে যেত তাহলে পিতার সম্পত্তির উপরে অধিকার থাকতো কন্যার। ২০০৫ সালে সেই আইনের সংশোধন করা হয়।
