Habra: বাংলাদেশি এক নাবালিকাকে বিয়ে করে চোরা পথে ভারতে নিয়ে এসে গ্রেফতার এক বিজেপি কর্মী। চাঞ্চল্যকর এই ঘটনাটি উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া কুমড়া গ্রাম পঞ্চায়েতের টুনিঘাটা এলাকার। বছর ৩৯ এর এই অভিযুক্ত বিজেপি কর্মীর নাম বিশ্বজিৎ বাগচী। পুলিস সূত্রে জানা যায় এই বিশ্বজিৎ বাগচী হাবড়া টুনিঘাটা এলাকার বাসিন্দা। মাস দুয়েক আগে তিনি ইন্ডিয়ান পাসপোর্ট ভিসা নিয়ে বাংলাদেশে পা রাখেন। পরবর্তীতে বাংলাদেশের গোপালগঞ্জ জেলার ১৬ বছরের এক নাবালিকাকে বিয়ে করেন। চলতি বছরের নভেম্বর মাসের ১০ তারিখ পেট্রাপোল বর্ডার এলাকা থেকে অবৈধ ভাবে ওই নাবালিকা ভারতে প্রবেশ করেন। ওই নাবালিকা প্রথমে বাগদা থানার এক আত্মীয়র বাড়িতে আশ্রয় নেয় পরবর্তীতে বিশ্বজিৎ বাগচী ফের পাসপোর্টের মাধ্যমে দেশে ফিরে বাগদা ওই আত্মীয়র বাড়ি থেকে নাবালিকাকে হাবড়া টুনিঘাটা নিজের বাড়ি নিয়ে আসেন। পরবর্তীতে CWC কর্মীদের সহযোগিতায় হাবড়া থানার পুলিস টুনিঘাটার বাড়ি থেকে বিশ্বজিৎ বাগচী এবং নাবালিকাকে হাবড়া থানার পুলিস আটক করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করে বিশ্বজিৎ বাগচীকে পুলিশ গ্রেফতার করে – পাঁচ দিনের পুলিশি হেফাজত চেয়ে বারাসাত আদালতে পাঠানো হয়। পাশাপশি নাবালিকাকে পাঠানো হয় একটি হোমে।
