Falakata:ফালাকাটা রেল কোয়ার্টার থেকে এক মহিলার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল বুধবার রাতে। এদিন রাতে ফালাকাটক রেল কোয়ার্টারের ১০বি , টাইপ ওয়ান কোয়ার্টার থেকে উদ্ধার হয় ২৭ বছর বয়সি বাবলি দেবীর দেহ। তার বাড়ি বিহারে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, স্বামী রঞ্জন কুমারই স্ত্রীকে খুন করে পালিয়েছে। রঞ্জন কুমার রেলের চতুর্থ শ্রেণির কর্মী, ট্র্যাকম্যান হিসেবে কর্মরত। কয়েকদিন আগেই স্ত্রীকে নিয়ে ওই কোয়ার্টারে উঠেছিলেন। কোয়ার্টারের মালিক লক্ষীশ্বর বর্মন। তিনিও রেলের কর্মী। তিনি বলেন “আমার বাড়ি ফালাকাটা ব্লকে। কোয়ার্টারটা ফাঁকা থাকায় রঞ্জনদের কয়েকদিন থাকতে দিয়েছিলাম। অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই তাদের থাকতে দিয়েছি। এর বেশি কিছু আমি জানি না।”বুধবার সন্ধ্যায় একজন এসে ডাকাডাকি করে, দরজা খুলে দেখে ভিতরে বাবলি দেবীর দেহ পড়ে আছে। তারপরই পুলিশে খবর দেয়।
খবর পেয়ে ফালাকাটা থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। আজ বৃহস্পতিবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হবে। ঘটনার পর থেকেই পলাতক রঞ্জন কুমার। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
