Belur Math: আজ ১০ই জানুয়ারি ২৫ শে পৌষ ১৪৩২ স্বামী বিবেকানন্দের ১৬৪ তম আবির্ভাব দিবস। স্বাভাবিকভাবেই এই বিশেষ দিনে বেলুড় মঠে মহাসমারোহে তার জন্ম তিথি পালন হচ্ছে। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ১২ জানুয়ারি স্বামীজীর জন্মদিন হলেও বেলুড় মঠের রীতি অনুযায়ী জন্ম তিথিতেই এই আবির্ভাব দিবস পালিত হয়। সেই নিয়মেই আজ সকাল থেকেই সেজে উঠেছে বেলুড় মঠ। রীতি অনুযায়ী ভোর চারটে পঁয়তাল্লিশ মিনিটে রামকৃষ্ণদেবের মন্দিরে মঙ্গলারতি দিয়ে অনুষ্ঠানের সূচনা। এরপর স্বামীজীর মন্দিরে ধারাবাহিকভাবে হবে স্তবগান,বেদ পাঠ।বিশেষ পূজা ও হোম। হবে উচ্চাঙ্গ সংগীত ধ্রুপদ খেয়াল ইত্যাদি।মঠে নির্মিত সভা মণ্ডপে চলবে বিবেকানন্দ ভক্তিগীতি,গীতি আলেখ্য, তবলা লহরা, শাস্ত্রীয় সংগীত ইত্যাদি। বিকাল তিনটেয় ধর্মসভা। দুপুর ১১ টা থেকে শুরু হবে ভোগ বিতরণ। সকাল থেকেই দূর দূরান্ত থেকে বেলুড় মঠে হাজির হয়েছেন ভক্তরা।এই উপলক্ষে আজ সারাদিন বেলুড় মঠ খোলা থাকবে।
