১৬ দফা দাবিকে সামনে রেখে সোমবার কলকাতায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-র একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক দফতরের সামনে ধর্নায় বসল অল ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টাফ ফেডারেশন। কর্মী নিয়োগ, শূন্যপদ পূরণ, সাব-স্টাফ ও সশস্ত্র নিরাপত্তারক্ষী নিয়োগের পাশাপাশি বিমা পণ্যের ‘মিস-সেলিং’ বন্ধের দাবিও তুলেছে সংগঠনটি।

ফেডারেশন জানিয়েছে, আগামী ২৫ ও ২৬ মে দেশজুড়ে এসবিআইয়ে দু’দিনের ধর্মঘট পালন করা হবে। সোমবারের ধর্না ছিল গত এক সপ্তাহ ধরে চলা দেশব্যাপী আন্দোলনেরই অংশ। ইউনিয়ন নেতাদের দাবি, এদিনের কর্মসূচিতে শতাধিক কর্মী অংশ নেন।

ধর্নামঞ্চ থেকে ফেডারেশনের কলকাতা সার্কেলের নেতারা কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন। তাঁরা দাবি করেন, কর্মীদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য যে দ্বিপাক্ষিক আলোচনা ব্যবস্থা রয়েছে, তা সঠিকভাবে কাজ করছে না। পাশাপাশি একাধিক চুক্তি ও সমঝোতার সঠিক বাস্তবায়ন হচ্ছে না বলেও অভিযোগ তোলা হয়।

সংগঠনের অভিযোগ, ব্যাঙ্কে ব্যবসায়িক লক্ষ্যপূরণের চাপের কারণে বিমা পণ্য ব্যাপক হারে ভুলভাবে বিক্রি করা হচ্ছে। অনেক গ্রাহককে সঠিক তথ্য না জানিয়েই অনুপযুক্ত বিমা পণ্য বিক্রি করা হচ্ছে বলেও দাবি ইউনিয়নের।

আন্দোলনের অংশ হিসেবে ইতিমধ্যেই ব্যাজ পরে প্রতিবাদ, মধ্যাহ্নভোজের সময় বিক্ষোভ, সোশ্যাল মিডিয়া প্রচার এবং সাংসদ ও সরকারি কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দেওয়ার মতো কর্মসূচি পালন করা হয়েছে।

আগামী দিনে মোমবাতি মিছিলের পাশাপাশি মে মাসের শেষের দিকে দেশব্যাপী ধর্মঘটের কর্মসূচিও পালন করা হবে বলে জানিয়েছে ফেডারেশন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *