ভ্যাপসা গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে আপাতত মুক্তি মিলছে না দক্ষিণবঙ্গের মানুষের। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে কোথাও কোথাও দমকা হাওয়া বইতে পারে, যার ফলে সাময়িক কিছুটা স্বস্তি মিলতে পারে।

সোমবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। উত্তর ২৪ পরগনা, নদিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হলেও তাতে গরম কমার বিশেষ সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েক দিনে তাপমাত্রাতেও বড় কোনও পরিবর্তন হবে না।

অন্যদিকে, উত্তরবঙ্গে প্রায় গোটা সপ্তাহ জুড়েই ঝড়বৃষ্টি চলতে পারে। কিছু জেলায় ভারী বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং ও কোচবিহারে আগামী কয়েক দিনে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার উত্তরের পাঁচ জেলাতেই ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। শনিবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে।

এদিকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ইতিমধ্যেই আন্দামান সাগর ও নিকোবর দ্বীপপুঞ্জের বিস্তীর্ণ এলাকায় প্রবেশ করেছে। ধীরে ধীরে তা মূল ভূখণ্ডের দিকে এগোচ্ছে। তবে পশ্চিমবঙ্গে বর্ষা ঢুকতে এখনও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। কেরল হয়ে এ রাজ্যে বর্ষা প্রবেশ করবে। তবে কবে নাগাদ বর্ষা বাংলায় পৌঁছবে, সে বিষয়ে এখনও নির্দিষ্ট দিন জানানো হয়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *