পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফা শুরু হচ্ছে ২৩ এপ্রিল, বৃহস্পতিবার। এই দফায় রাজ্যের ১৬টি জেলার মোট ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার পর এই দফায় মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৬০ লক্ষ ৭৭ হাজার ১৭১। এর মধ্যে পুরুষ ভোটার ১ কোটি ৮৪ লক্ষের বেশি এবং মহিলা ভোটার প্রায় ১ কোটি ৭৫ লক্ষ। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪৬৫ জন। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই ভোটের প্রস্তুতি শেষ পর্যায়ে।
এই দফার ভোটে তফসিলি জাতির জন্য সংরক্ষিত রয়েছে ৩৪টি আসন এবং তফসিলি উপজাতির জন্য ১৫টি আসন। আয়তনের বিচারে সবচেয়ে ছোট কেন্দ্র শিলিগুড়ি এবং সবচেয়ে বড় কালিম্পং। তবে ভোটারের সংখ্যায় এগিয়ে পশ্চিম মেদিনীপুরের দাসপুর, যেখানে প্রায় ২.৯৬ লক্ষ ভোটার রয়েছেন। বিপরীতে, মুর্শিদাবাদের শমসেরগঞ্জে সবচেয়ে কম, প্রায় ১.৬১ লক্ষ ভোটার।
পরিসংখ্যান অনুযায়ী, প্রথম দফায় প্রায় ৪৪ হাজার ৩৭৬টি বুথে ভোটগ্রহণ হবে। প্রতিটি বুথেই ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। মোট ৬৪ হাজারের বেশি ভিভিপ্যাট এবং প্রায় ৬০ হাজার ব্যালট ও কন্ট্রোল ইউনিট ব্যবহার করা হবে। গড়ে প্রতি বুথে প্রায় ৮১৩ জন ভোটার রয়েছেন। ভোর সাড়ে ৫টা থেকে মকপোল শুরু হয়ে সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হবে, যা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
নিরাপত্তার দিক থেকেও বিশেষ জোর দেওয়া হয়েছে। প্রথম দফার ভোটে ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বাহিনী রয়েছে মুর্শিদাবাদ জেলায়। পাশাপাশি রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মিলিয়ে প্রায় ৫ লক্ষ কর্মী ভোট পরিচালনার দায়িত্বে থাকবেন। নির্বাচন কমিশনের দাবি, শান্তিপূর্ণ ও অবাধ ভোট নিশ্চিত করতেই এই কড়া ব্যবস্থা।
উল্লেখ্য, ২০২১ সালের নির্বাচনে এই ১৫২টি আসনের মধ্যে ৯২টি আসনে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং ৫৯টি আসনে বিজেপি। ফলে এবারও এই দফার ফলাফল রাজ্যের রাজনৈতিক ভবিষ্যতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
