সোমবার সন্ধ্যায় জয়েন্ট এন্ট্রান্স মেইন (JEE Main) পরীক্ষার ফলাফল প্রকাশ করল National Testing Agency (এনটিএ)। পরীক্ষার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট jeemain.nta.nic.in-এ গিয়ে আবেদন নম্বর, পাসওয়ার্ড এবং জন্মতারিখ দিয়ে লগ ইন করে নিজেদের ফলাফল দেখতে পারবেন। ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই দেশজুড়ে পরীক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গিয়েছে।
এপ্রিল সেশনের এই পরীক্ষায় মোট ২৬ জন পরীক্ষার্থী ১০০ পার্সেন্টাইল নম্বর অর্জন করেছেন। ২ থেকে ৮ এপ্রিল পর্যন্ত দেশের ৩০৪টি শহর এবং বিদেশের ১৪টি শহরের মোট ৫৬৬টি কেন্দ্রে কম্পিউটার ভিত্তিক এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এনটিএ-র তথ্য অনুযায়ী, প্রায় ১১.২৩ লাখ পরীক্ষার্থী নাম নথিভুক্ত করলেও পরীক্ষায় অংশ নেন ১০.৩৪ লাখ পরীক্ষার্থী। ১৩টি আঞ্চলিক ভাষায় পরীক্ষা নেওয়া হয়, যা পরীক্ষার্থীদের জন্য আরও সহজলভ্যতা নিশ্চিত করেছে।
ফল প্রকাশের পর এখন নজর জেইই অ্যাডভান্সড পরীক্ষার দিকে। জেইই মেইনে নির্দিষ্ট র্যাঙ্কের মধ্যে থাকা প্রায় আড়াই লাখ পরীক্ষার্থী এবার জেইই অ্যাডভান্সডে বসার সুযোগ পাবেন। এই পরীক্ষার মাধ্যমে আইআইটি-সহ দেশের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলিতে ভর্তি হওয়ার সুযোগ মেলে।
জেইই অ্যাডভান্সড পরীক্ষার জন্য অনলাইন রেজিস্ট্রেশন শুরু হবে ২৩ এপ্রিল থেকে এবং চলবে ২ মে পর্যন্ত। আগামী ১৭ মে অনুষ্ঠিত হবে এই গুরুত্বপূর্ণ পরীক্ষা। ফলে সফল পরীক্ষার্থীদের সামনে এখন বড় চ্যালেঞ্জ অ্যাডভান্সডের প্রস্তুতি।
