ডিজিটাল পেমেন্টের গতি বাড়লেও, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অনলাইন প্রতারণার ঘটনাও। এই পরিস্থিতিতে বড় অঙ্কের লেনদেনে নিরাপত্তা বাড়াতে নতুন ভাবনা শুরু করেছে রিজার্ভ ব্যাঙ্ক (RBI)।

প্রস্তাব অনুযায়ী, ১০ হাজার টাকার বেশি অ্যাকাউন্ট-টু-অ্যাকাউন্ট ট্রান্সফার, বিশেষ করে UPI-র মাধ্যমে করা লেনদেনে, তাৎক্ষণিক অর্থ স্থানান্তরের বদলে থাকতে পারে ১ ঘণ্টার ‘ডিলে’। অর্থাৎ টাকা সঙ্গে সঙ্গে গ্রাহকের অ্যাকাউন্ট থেকে কাটা গেলেও, প্রাপকের অ্যাকাউন্টে পৌঁছতে সময় লাগতে পারে এক ঘণ্টা।

এই সময়ের মধ্যে ব্যবহারকারী চাইলে লেনদেনটি বাতিল করতে পারবেন। পাশাপাশি ব্যাঙ্কগুলি এই সময়ের মধ্যে লেনদেনের উপর নজরদারি চালাবে। যদি কোনও লেনদেন সন্দেহজনক বলে মনে হয়—যেমন নতুন অ্যাকাউন্টে বড় অঙ্কের টাকা পাঠানো—তাহলে ব্যবহারকারীকে পুনরায় নিশ্চিতকরণের জন্য সতর্কবার্তা পাঠানো হতে পারে।

RBI-র তথ্য অনুযায়ী, ১০ হাজার টাকার বেশি লেনদেন সংখ্যার দিক থেকে মোট প্রতারণার প্রায় ৪৫ শতাংশ হলেও, অর্থের হিসেবে ক্ষতির পরিমাণ প্রায় ৯৮.৫ শতাংশ। তাই বড় অঙ্কের ট্রান্সফারকেই বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।

বিশেষ করে প্রবীণ নাগরিক এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের সুরক্ষার জন্য অতিরিক্ত ব্যবস্থা নেওয়ার কথাও ভাবা হচ্ছে। ৫০ হাজার টাকার বেশি লেনদেনে তাঁদের ক্ষেত্রে ‘বিশ্বস্ত ব্যক্তি’র অনুমোদন প্রয়োজন হতে পারে বলে প্রস্তাব দেওয়া হয়েছে।

তবে সাধারণ ব্যবহারকারীদের দৈনন্দিন লেনদেনে যাতে কোনও সমস্যা না হয়, সেদিকেও নজর রাখা হচ্ছে। ব্যবসায়িক পেমেন্ট, EMI, সাবস্ক্রিপশন বা চেক লেনদেন এই নিয়মের বাইরে রাখা হতে পারে। পাশাপাশি, ‘হোয়াইটলিস্ট’ ফিচারের মাধ্যমে নির্ভরযোগ্য প্রাপকদের ক্ষেত্রে এই বিলম্ব এড়ানো সম্ভব হতে পারে।

উল্লেখ্য, এই মুহূর্তে এটি শুধুই প্রস্তাব। আগামী ৮ মে পর্যন্ত সাধারণ মানুষের মতামত চেয়েছে RBI। সব দিক বিচার করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এই প্রস্তাব কার্যকর হলে ডিজিটাল পেমেন্টে গতি কিছুটা কমলেও, নিরাপত্তা অনেকটাই বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *