কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় জারি হল লাল সতর্কতা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার সন্ধ্যা থেকেই একাধিক জেলায় প্রবল ঝড়-বৃষ্টি শুরু হতে পারে। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত পৌঁছনোর সম্ভাবনা রয়েছে।

হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হাওড়া, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান—এই আট জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি নদিয়া, মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনাতেও তীব্র ঝড়ের পূর্বাভাস রয়েছে, যেখানে হাওয়ার বেগ ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার হতে পারে এবং দমকা হাওয়া ৮০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।

হাওয়া অফিস জানিয়েছে, হুগলি, পূর্ব বর্ধমান ও উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বীরভূম ও পশ্চিম বর্ধমানে শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

বৃহস্পতিবারও কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশিরভাগ জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।

শুক্রবার থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে। দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও ঝাড়গ্রামে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলিতে অপেক্ষাকৃত শুষ্ক আবহাওয়া থাকবে রবিবার পর্যন্ত।

উত্তরবঙ্গেও দুর্যোগের রেশ বজায় থাকবে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পঙে শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার পাহাড়ঘেঁষা পাঁচ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি রয়েছে। এই পরিস্থিতি আগামী সোমবার পর্যন্ত চলতে পারে।

এদিকে উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ সংলগ্ন উপকূলে সমুদ্র উত্তাল রয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। ফলে আগামী অন্তত ২৪ ঘণ্টা মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখা এবং ছত্তীসগঢ়ের উপর অবস্থানকারী ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে। এর জেরেই রাজ্যের উপর তৈরি হয়েছে ঝড়-বৃষ্টির অনুকূল পরিস্থিতি।

আরও পড়ুন: পয়লা বৈশাখে লাল-পাড় সাদা শাড়ির নতুন রূপ, তানায়রার বিশেষ কালেকশন নজর কাড়ছে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *