খবর অনলাইন ডেস্ক: এবারের আইএসএল-এ টানা দ্বিতীয় জয় তুলে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। সোমবার কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে জেমি ম্যাকলারেন এবং দিমিত্রিয়স পেত্রাতোসের গোলে চেন্নাইয়িন এফসিকে ২–০ গোলে হারিয়ে দিল সবুজ-মেরুন ব্রিগেড।

প্রথমার্ধে দলকে এগিয়ে দিলেন ম্যাকলারেন

ম্যাচের শুরুটা কিছুটা ধীরগতির হলেও প্রথম ১৫ মিনিটের মধ্যেই ছন্দ খুঁজে পায় মেরিনার্স। রবসন রবিনহো চেন্নাইয়িনের বক্সে ঢুকে গোল লক্ষ্য করে শট নেন, তবে তা আটকে দেওয়া হয়। এর পর দিমিত্রিয়স পেত্রাতোসের নিচু শট বাঁচিয়ে দেন চেন্নাইয়িনের গোলরক্ষক মহম্মদ নওয়াজ।

ম্যাচের মাঝপথেই বড় ধাক্কা খায় চেন্নাইয়িন। মেহতাব সিংহের সঙ্গে সংঘর্ষে চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন নওয়াজ। তাঁর জায়গায় গোলরক্ষকের দায়িত্ব নেন সংরক্ষিত গোলকিপার শমীক মিত্র।

জয়ের দুই নায়ক — ম্যাকলারেন এবং পেত্রাতোস।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোল পায় মোহনবাগান। অনিরুদ্ধ থাপার লম্বা শট ধরে বল নিয়ে দৌড়ে উঠে আসেন জেমি ম্যাকলারেন। গোল ছেড়ে ছুটে আসা চেন্নাইয়িনের গোলরক্ষককে কাটিয়ে বল জালে জড়ান তিনি। মোহনবাগান এগিয়ে যায় ১-০ গোলে।

দ্বিতীয়ার্ধে গোল পেলেন পেত্রাতোস

দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক শুরু করে ঘরের মাঠের দল। ম্যাচের ৬৫ মিনিটে ব্যবধান বাড়ান পেত্রাতোস। বাঁ দিক থেকে শুভাশিস বোসের ভাসানো ক্রস ডিফেন্ডারের গায়ে লেগে দিক বদলায়। এর পর শরীর ঘুরিয়ে সেই বল ধরে ভলিতে গোল করেন অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড। এর পর পুরো ম্যাচেই বলের দখল ধরে রাখে মোহনবাগান। কিন্তু জয়ের ব্যবধান আর বাড়াতে পারেনি তারা।

মোহনবাগানের গোল বাঁচিয়ে দিলেন চেন্নাইয়িনের গোলকিপার।

এই জয়ের ফলে পয়েন্টের হিসাবে মোহনবাগান ইস্টবেঙ্গলের সমান হলেও গোল পার্থক্যে লাল-হলুদই শীর্ষে থাকল। চেন্নাইয়িন টানা দ্বিতীয় হারের ফলে টেবিলের নীচের দিকে রয়ে গেল এবং এখনও এই মরশুমে তাদের গোলের খাতা খোলেনি।

দুই দলের পরবর্তী খেলা

ক্লিফোর্ড মিরান্ডার চেন্নাইয়িন এফসি আগামী ১ মার্চ ওড়িশা এফসি-র বিরুদ্ধে খেলতে যাবে ভুবনেশ্বরে। অন্য দিকে মোহনবাগান ২৮ ফেব্রুয়ারি মুখোমুখি হবে কলকাতা ময়দানেরই আর এক প্রতিদ্বন্দ্বী মহমেডান এসসি-র।

ছবি: সঞ্জয় হাজরা



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *