আবারও আবহাওয়ার বদলের ইঙ্গিত। আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি, সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার এবং উত্তরবঙ্গের তিন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা বেশি। এই জেলাগুলি ওড়িশা উপকূল সংলগ্ন হওয়ায় নিম্নচাপের প্রভাবে জলীয় বাষ্প ঢোকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদদের মতে, একদিকে পরপর পশ্চিমী ঝঞ্ঝা, অন্যদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে এই পরিবর্তন। এর প্রভাবে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। আগামী দু’দিনে তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
– বিজ্ঞাপন –
দক্ষিণবঙ্গে ঊর্ধ্বমুখী পারদ
দক্ষিণবঙ্গে সর্বোচ্চ ও সর্বনিম্ন—উভয় তাপমাত্রাই বাড়ার ইঙ্গিত মিলেছে। সকালে ও রাতে শীতের আমেজ ক্রমশ কমছে। দিনের বেলায় শীতের অনুভূতি প্রায় উধাও। উইকেন্ডে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ২০ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে।
উত্তরবঙ্গে আপাত স্থিতাবস্থা
আগামী কয়েক দিনে উত্তরবঙ্গে তাপমাত্রার তেমন পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।
কলকাতার আবহাওয়া
কলকাতায় ইতিমধ্যেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী। দিনের তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস পার করেছে। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রির ঘরে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকলেও রাতের তাপমাত্রা স্বাভাবিক সীমাতেই রয়েছে।
আপাতত শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে। সকালে হালকা কুয়াশা ও শিশির পড়ার সম্ভাবনা রয়েছে। তবে ধীরে ধীরে শীত বিদায় নিচ্ছে, আর পারদ ক্রমশ চড়ার দিকেই।
