ভারত: ১৭৫-৭ (ঈশান কিশন ৭৭, সূর্যকুমার যাদব ৩২, সাইম আয়ুব ৩-২৫, সলমন ১-১০)
পাকিস্তান: ১১৪ (১৮ ওভার) (উসমান খান ৪৪, শাহিন শাহ আফ্রিদি ২৩ নট আউট, হার্দিক পাণ্ড্য ২-১৬, বরুণ চক্রবর্তী ২-১৭)
খবর অনলাইন ডেস্ক: স্পিন সহায়ক ধীরগতির উইকেটে ব্যাট করা সহজ ছিল না, কিন্তু দুর্দান্ত ৪০ বলে ৭৭ রানের ইনিংস খেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন ঈশান কিশন। তাঁর এই ইনিংসের উপর ভর করে ভারত টি২০ বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে ৮-১ ব্যবধানে এগিয়ে গেল এবং নিশ্চিত করল সুপার এইটে জায়গা।
– বিজ্ঞাপন –
কঠিন উইকেটে পার্থক্য গড়লেন ঈশান
রবিবার কলম্বোর আর প্রেমদাস স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে টস জিতে পাকিস্তান ভারতকে ব্যাট করতে পাঠানোর পর প্রায় পুরো ইনিংস জুড়ে স্পিন আক্রমণ চালায় তারা — ২০ ওভারের মধ্যে ১৮ ওভারই স্পিন। শুরুতেই সলমন আঘা অফস্পিনে অভিষেক শর্মাকে শূন্য রানে ফেরান।

জয়ের ভিত গড়েছিল ঈশানের সঙ্গে তিলকের জুটি। ছবি BCCI ‘X’ থেকে নেওয়া।
কিন্তু এর পরই ম্যাচের নিয়ন্ত্রণ নেন ঈশান কিশন। নতুন বলে শাহিন শাহ আফ্রিদিকে ছক্কা মেরে শুরু করেন তিনি। এর পর আবরার আহমেদের বিরুদ্ধে সুইপ ও আক্রমণাত্মক শটে দ্রুত রান তুলতে থাকেন। মাত্র ২৭ বলে পঞ্চাশ রান পূর্ণ করেন ঈশান।
পাওয়ারপ্লে-র শেষে ভারতের স্কোর দাঁড়ায় ৫২/১। যা উইকেটের অবস্থা অনুযায়ী এই রান বেশ ভালোই। শদব খানের এক ওভারে ১৭ রান তুলে চাপ আরও বাড়ান ঈশান। শেষ পর্যন্ত সাইম আয়ুবের বলে আউট হন তিনি। ইতিমধ্যে দলের ৮৮ রানের মধ্যে ঈশান করে ফেলেছেন ৭৭ রান।


পাক ইনিংসে প্রথম আঘাত হানেন হার্দিক। অভিনন্দন অধিনায়ক সূর্যের। ছবি BCCI ‘X’ থেকে নেওয়া।
এর পর সূর্যকুমার যাদব ও তিলক বর্মা (২৫) ধীরে খেললেও গুরুত্বপূর্ণ জুটি গড়েন। তবে ১৫তম ওভারে আয়ুব ফিরে এসে তিলক ও হার্দিক পাণ্ড্যকে আউট করে ম্যাচে সামান্য আশা জাগান পাকিস্তানের জন্য। শেষ দিকে শিবম দুবে (২৭ নট আউট) এবং রিঙ্কু সিংহ (১১ নট আউট) দ্রুত রান তুলে ভারতের স্কোর পৌঁছে দেন ৭ উইকেটে ১৭৫ রানে।
ভারতের বোলারদের দাপটে ছিন্নভিন্ন পাকিস্তান
রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। হার্দিক নিখুঁত লাইন-লেংথে সাহিবজাদা ফারহানকে আউট করেন। এর পর জসপ্রীত বুমরাহে সুইং ও হার্ড লেংথে আয়ুব ও আগাকে ফিরিয়ে দেন। বাবর আজমও বড়ো রান করতে না পারায় ৪.৫ ওভারে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৩৪/৪।


উইকেট নিলেন অক্ষর পটেল আর জসপ্রীত বুমরাহ। ছবি BCCI ‘X’ থেকে নেওয়া।
মাঝে কিছুটা প্রতিরোধ গড়েন উসমান খান। ৩৪ বলে ৪৪ রান করেন তিনি। অক্ষর পটেলের বিরুদ্ধে আক্রমণাত্মক খেলা খেললেও শেষপর্যন্ত তাঁর বলেই আউট হন — ক্যাচ নেন কিশান। এর পর ম্যাচ শুধু আনুষ্ঠানিকতায় পরিণত হয়।


ঝোলায় উইকেট ভরলেন বরুণও। ছবি BCCI ‘X’ থেকে নেওয়া।
পাকিস্তান ২ ওভার বাকি থাকতেই ১১৪ রানে গুটিয়ে যায় তারা। পাকিস্তানের উকিকেটগুলি ভারতের হার্দিক পাণ্ড্য (২-১৬), বরুণ চক্রবর্তী (২-১৭), জসপ্রীত বুমরাহ (২-১৭), অক্ষর পটেল (২-২৯), তিলক বর্মা (১-১১) এবং কুলদীপ যাদব (১-১৪) ভাগ করেন
৬১ রানের ব্যবধানে জয় নিশ্চিত করে ভারত। স্বাভাবিক ভাবেই ঈশান কিশন ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হন।
