রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার শুনানি শনিবার শেষ হয়েছে। গত ২৭ ডিসেম্বর শুরু হওয়া এই প্রক্রিয়া প্রায় ৫০ দিন ধরে চলে। কমিশন সূত্রে জানা যাচ্ছে, শনিবার দুপুর ২টো পর্যন্ত বিভিন্ন জেলা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রায় ৫ লক্ষ ভোটার নোটিস পাওয়ার পরেও শুনানিতে হাজির হননি।
শনিবার সন্ধ্যা পর্যন্ত হিসাব অনুযায়ী প্রায় ৪ লক্ষ ৯৮ হাজার ভোটারের নাম বাদ যাচ্ছে। পাশাপাশি অযোগ্য হিসেবে বাদ পড়ছেন প্রায় ১ লক্ষ ৬৩ হাজার ভোটার। সব মিলিয়ে এখনও পর্যন্ত মোট ৬ লক্ষ ৬১ হাজার ভোটারের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
এর পাশাপাশি লজিক্যাল ডিসক্রিপেন্সি ও অ্যানম্যাপড ভোটার মিলিয়ে আরও প্রায় ১০ শতাংশ নাম কাটা যেতে পারে। সব মিলিয়ে প্রায় ৮৪ লক্ষ নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে।
– বিজ্ঞাপন –
সবচেয়ে বেশি গরহাজির উত্তর ২৪ পরগনায়—১ লক্ষ ৩৮ হাজারের বেশি ভোটার শুনানিতে যাননি। দক্ষিণ ২৪ পরগনায় প্রায় ৪৬ হাজার, দক্ষিণ কলকাতায় ২২ হাজার এবং উত্তর কলকাতায় প্রায় ২০০০ ভোটার অনুপস্থিত ছিলেন। কালিম্পঙে ৪৪০ জন ভোটার শুনানিতে আসেননি বলে জানা গেছে।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, যাঁদের নাম খসড়া তালিকায় ছিল কিন্তু চূড়ান্ত তালিকায় থাকবে না, তাঁদের আবেদন করার সুযোগ থাকবে। চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি।
২০০২ সালের তালিকার সঙ্গে যোগসূত্র না থাকা ‘আনম্যাপড’ ভোটার এবং তথ্যগত অসঙ্গতি থাকা ভোটারদের নথি যাচাইয়ের জন্য ডাকা হয়েছিল। মোট প্রায় দেড় কোটি ভোটারকে নোটিস পাঠানো হয়। যাচাই প্রক্রিয়া চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। কমিশন সূত্রের দাবি, এই সংখ্যা আরও বাড়তে পারে।
