ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাটের দুটি আসনের একটিতে জামায়াত, অন্যটিতে বিএনপির বিজয়ী হয়েছে। বিএনপির দুর্গ ভেঙে জামায়াতের এই বিজয় জেলাজুড়ে চমক সৃষ্টি করেছে।

জয়পুরহাট–১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ফজলুল রহমান সাঈদ ও জয়পুরহাট-২ আসনে বিএনপির প্রার্থী আব্দুল বারী জয়ী হয়েছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, জয়পুরহাট–১ (আসন নং ৩৪)–এর মোট ১৫১টি কেন্দ্রের সবগুলোর ফলাফল ঘোষণা করা হয়েছে। এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ফজলুর রহমান সাঈদ দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৬৩ হাজার ৮৭৬ ভোট পেয়ে ৯ হাজার ৪১ ভোটের ব্যবধানে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. মাসুদ রানা প্রধান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৮৩৫ ভোট।

অন্যদিকে জয়পুরহাট–২ (আসন নং ৩৫) আসনের ১০৪টি কেন্দ্রের সবগুলোর ফলাফল চূড়ান্ত হয়েছে। এ আসনে বিএনপির প্রার্থী মো. আব্দুল বারী ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫৭ হাজার ১২৭ ভোট পেয়ে ৬৬ হাজার ২৪ ভোটের বড় ব্যবধানে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী এস. এম. রাশেদুল আলম সবুজ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯১ হাজার ১০৩ ভোট।

আসন দুটির ফলাফল ঘোষণার পর সংশ্লিষ্ট এলাকায় বিজয়ী প্রার্থীদের নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ–উচ্ছ্বাস দেখা গেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *