মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে দাপট ধরে রেখেছে বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে ভুটানকে ১২-০ গোলে উড়িয়ে পরে ভারতকে হারায় ২-০তে। অপরাজিত থেকে ফাইনালে ওঠার পথে নেপালকেও বড় ব্যবধানে হারিয়েছে পিটার বাটলারের শিষ্যরা। শিরোপা নির্ধারণী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন লাল-সবুজদের প্রতিপক্ষ ভারত। ১৫ ফেব্রুয়ারি বিকেল ৩টায় শুরু হবে ফাইনাল মহারণ।

নেপালের পোখারা রঙ্গশালা স্টেডিয়ামে বুধবার স্বাগতিকদের সঙ্গে ৪-০তে জিতেছে বাংলাদেশ। পিটার বাটলারের চিরায়ত আক্রমণাত্মক ফুটবলের সুবাদে একপেশে ম্যাচে সহজ জয় তুলেছে জয়নব বিবিরিতার দল। টুর্নামেন্টে দুর্দান্ত খেলা আলপি আক্তার করেছেন হ্যাটট্রিক।

দুই ম্যাচে প্রতিপক্ষ জালে ১৪ গোল দিয়ে ফাইনালে ওঠার পথ আগেই পাকা করে রেখেছিল বাংলাদেশ। শেষ ম্যাচে স্বাগতিকদের হারিয়ে রাউন্ড রবিন লিগে শীর্ষে থেকে শিরোপামঞ্চের টিকিট কেটেছে লাল-সবুজের দলটি। টানা তিন জয়ে বাংলাদেশের পয়েন্ট ৯। দুই জয় ও এক পরাজয়ে ভারতের পয়েন্ট ৬।

ম্যাচের শুরু থেকে স্বাগতিকদের উপর আক্রমণ জারি রাখে বাংলাদেশ। সফলতা আসে দ্বিতীয় মিনিটেই। কর্নার কিক থেকে আসা বল জটলার মধ্যে পেয়ে গোল করে লিড আনেন প্রতিমা মুন্ডা। দ্বিতীয় গোল আসে আলপি আক্তারের থেকে। প্রথমার্ধের নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে ফ্রি-কিক থেকে গোল আদায় করে নেয় বাংলাদেশ, ২-০তে এগিয়ে বিরতিতে যায়।

বিরতির পরও একের পর এক আক্রমণে কোণঠাসা করে রাখে স্বাগতিকদের। ৬৬ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন আলপি, ৩-০ হয়। ৮১ মিনিটে আরও একটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন আলপি। চার গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *