কলকাতা: সরস্বতী পুজোয় হিমেল হাওয়ার জেরে পারদ কিছুটা নামলেও, ফের উষ্ণ হতে শুরু করেছে রাজ্য। মাঘের শেষে ধীরে ধীরে বিদায় নিচ্ছে শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই রয়েছে। আগামী সাত দিনে তাপমাত্রায় বড়সড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানিয়েছে হাওয়া অফিস।
চড়ছে কলকাতার পারদ রবিবারের তুলনায় সোমবার কলকাতার তাপমাত্রা আরও কিছুটা বেড়েছে। সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৯ ডিগ্রি বেশি। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি বেশি। হাওয়া অফিস জানিয়েছে, আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না।
উত্তরে ‘হলুদ সতর্কতা’ দক্ষিণে শীত কমলেও, উত্তরবঙ্গে দাপট দেখাচ্ছে কুয়াশা। আগামী চার দিন উত্তরের সব জেলাতেই কুয়াশার দাপট থাকবে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার ‘হলুদ সতর্কতা’ জারি করা হয়েছে। এই জেলাগুলিতে দৃশ্যমানতা বা ভিজিবিলিটি ৫০ মিটার থেকে ১৯৯ মিটারের মধ্যে নেমে যেতে পারে।
দক্ষিণবঙ্গেও কুয়াশার পূর্বাভাস তাপমাত্রা বাড়লেও সকালের দিকে কুয়াশার চাদরে ঢাকা থাকবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। সকালের দিকে দৃশ্যমানতা ২০০ থেকে ৯৯৯ মিটারের মধ্যে থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
