দুনিয়ার বড় বড় তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো বিশ্ব চলচ্চিত্র, সংগীত ও টেলিভিশনের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৮৩তম আসর। গতকাল সোমবার বাংলাদেশ সময় সকাল ৭টা থেকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বেভারলি হিলটন হোটেলে এবারের আসরের ২৮টি বিভাগে পুরস্কার বিতরণ করা হয়। এবার নতুন যুক্ত হয়েছে ‘সেরা পডকাস্ট’ বিভাগ। আমেরিকান স্ট্যান্ড-আপ কমেডিয়ান নিকি গ্লেজার টানা দ্বিতীয়বারের মতো গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস সঞ্চালনা করেছেন। ১৯৪৪ সাল থেকে আমেরিকাসহ বিভিন্ন দেশের টেলিভিশন ও সিনেমার মধ্যে সেরা কাজগুলোকে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস দেওয়া হচ্ছে। আমেরিকাসহ বিভিন্ন দেশে ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা, টেলিভিশন ও গানের জন্য সেরা কাজগুলোকে বিবেচনা করা হয়েছে ৮৩তম আসরে।

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৮৩তম আসরে সর্বাধিক চারটি পুরস্কার জিতে বাজিমাত করল অস্কারজয়ী হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমাটি। সেরা চলচ্চিত্রের (মিউজিক্যাল অথবা কমেডি) স্বীকৃতি পেয়েছে এটি। এতে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী হয়েছেন টিয়ানা টেলর। ছবিটির সুবাদে সেরা পরিচালক ও সেরা চিত্রনাট্যকারের পুরস্কার দুটি পেয়েছেন পল থমাস অ্যান্ডারসন।

সেরা চলচ্চিত্র (ড্রামা) হয়েছে উইলিয়াম শেক্সপিয়রের পরিবারের ঘটনা অবলম্বনে নির্মিত ‘হ্যামনেট’। এতে শেক্সপিয়রের স্ত্রীর চরিত্রের জন্য সেরা অভিনেত্রী (ড্রামা) হয়েছেন জেসি বাকলি। ডিক্যাপ্রিওকে হটিয়ে সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি) হয়েছেন টিমোতি শালামে (মার্টি সুপ্রিম)। সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি) স্বীকৃতি পেয়েছেন রোজ বার্ন (ইফ আই হ্যাড লেগস আই উড কিক ইউ)। সেরা সহ-অভিনেতার পুরস্কার জিতেছেন স্টেলান স্কর্সগার্ড (সেন্টিমেন্টাল ভ্যালু)।

সেরা অ-ইংরেজি ভাষার চলচ্চিত্র হয়েছে ব্রাজিলের ‘দ্য সিক্রেট এজেন্ট’। ছবিটির সুবাদে সেরা অভিনেতা (ড্রামা) হয়েছেন ব্রাজিলিয়ান তারকা ভেগনার মোরা। সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র হয়েছে নেটফ্লিক্সের ‘কেপপ ডিমন হান্টার্স’। ছবিটিতে ব্যবহৃত ‘গোল্ডেন’ জিতেছে সেরা মৌলিক গানের পুরস্কার।

অন্যদিকে, সেরা সহ-অভিনেতার অ্যাওয়ার্ড পেয়ে সর্বকনিষ্ঠ অভিনেতা হিসেবে ইতিহাস গড়লেন ১৬ বছর বয়সী টিভি অভিনেতা ওয়েন কুপার। গ্লোডেন গ্লোবের মঞ্চে দ্বিতীয় সর্বকনিষ্ঠ অভিনেতা। এবারের গ্লোডেন গ্লোবের মঞ্চে দাঁড়িয়েই ওয়েন বলেন, ‘এখানে দাঁড়িয়ে আছি এখনো বিশ্বাস হচ্ছে না আমার। আমি এবং আমার পরিবার এক অবিশ্বাস্য যাত্রার মধ্যে গিয়েছি। এই মানুষগুলো আমার এবং আমার পরিবারের জন্য যা করেছে, তার জন্য আমরা চিরকৃতজ্ঞ।’

মনোনয়ন তালিকা ও বিজয়ী নির্বাচনে ভোট দিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের ৩৯৯ জন সাংবাদিক। তাদের মধ্যে আছেন বাংলাদেশের পাঁচজন। তারা হলেন বাংলা ট্রিবিউন-এর জনি হক, ঢাকা ট্রিবিউন-এর সাদিয়া খালিদ ঋতি, প্রথম আলো’র মনজুরুল আলম, চরকি’র আদর রহমান ও ৭১ টিভির পার্থ সনজয়। আমেরিকান অডিট, ট্যাক্স ও পরামর্শদাতা সংস্থা কেপিএমজি ভোট তালিকাভুক্তির দায়িত্ব পালন করেছে।

চলচ্চিত্র শাখা

সেরা চলচ্চিত্র (ড্রামা) : হ্যামনেট

অভিনেতা (ড্রামা) : ভেগনার মোরা

অভিনেত্রী (ড্রামা) : জেসি বাকলি

চলচ্চিত্র (কমেডি) : ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার

অভিনেতা (কমেডি) :  টিমোতি শালামে

অভিনেত্রী (কমেডি) :  রোজ বার্ন

সহ-অভিনেতা : স্টেলান স্কর্সগার্ড

সহ-অভিনেত্রী : টিয়ানা টেলর

পরিচালক : পল থমাস অ্যান্ডারসন

চিত্রনাট্যকার : পল থমাস অ্যান্ডারসন

অ্যানিমেটেড চলচ্চিত্র : কেপপ ডিমন হান্টার্স

অ-ইংরেজি ভাষার চলচ্চিত্র : দ্য সিক্রেট এজেন্ট

মৌলিক সুর সংযোজন : লুদভিগ ইয়োরানসন

মৌলিক গান : গোল্ডেন

টেলিভিশন শাখা

সেরা টিভি সিরিজ (ড্রামা) : দ্য পিট

অভিনেতা (ড্রামা সিরিজ) : নোয়া ওয়াইল

অভিনেত্রী (ড্রামা সিরিজ) : রিয়া সিহর্ন

টিভি সিরিজ (কমেডি) : দ্য স্টুডিও

অভিনেতা (কমেডি সিরিজ) : সেথ রোগেন

অভিনেত্রী (কমেডি সিরিজ) : জিন স্মার্ট

লিমিটেড সিরিজ অথবা টিভি মুভি : অ্যাডোলেসেন্স

অভিনেতা (লিমিটেড সিরিজ) : স্টিফেন গ্রাহাম

অভিনেত্রী (লিমিটেড সিরিজ) : মিশেল উইলিয়ামস

টিভি সহ-অভিনেতা : ওয়েন কুপার

টিভি সহ-অভিনেত্রী : এরিন ডোহার্টি

স্ট্যান্ড-আপ কমেডি পারফরম্যান্স : রিকি জার্ভে: মর্টালিটি

পডকাস্ট : গুড হ্যাং উইথ অ্যামি পোয়েলার

ক্যারল বার্নেট অ্যাওয়ার্ড (আজীবন সম্মাননা) : জেসিকা পার্কার





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *