কলকাতায় ফের জাঁকিয়ে শীত। সোমবার এক ধাক্কায় দু’ডিগ্রি কমে গেল শহরের তাপমাত্রা। রবিবারের তুলনায় রাতারাতি পারদ নেমে যাওয়ায় সোমবার সকাল থেকেই শীতের কনকনে অনুভূতি পেয়েছেন শহরবাসী। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েক দিনে আরও বাড়বে শীতের দাপট। নতুন করে তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা।

আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৭ ডিগ্রি কম। রবিবার এই সর্বনিম্ন তাপমাত্রাই ছিল ১৪.৯ ডিগ্রি—স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি। অর্থাৎ এক রাতেই শহরের পারদ নেমেছে দুই ডিগ্রিরও বেশি।

রবিবার যদিও সর্বনিম্ন তাপমাত্রা খুব কম ছিল না, তবে সারাদিন রোদ না-ওঠায় শীতের আমেজ ছিল চোখে পড়ার মতো। সকাল থেকে কুয়াশা কাটেনি অনেকটা সময় পর্যন্ত। সঙ্গে ছিল উত্তুরে হাওয়ার প্রভাব, যা শীতের ইঙ্গিত দিয়েই যাচ্ছিল। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে মাত্র ১৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ছ’ডিগ্রি (৫.৯ ডিগ্রি) কম। হাওয়া অফিস জানিয়েছে, সোমবার দুপুর পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। বিকেলের দিকে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা।

দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। রোদ না উঠলেও আবহাওয়া থাকবে মূলত শুকনো। তবে কুয়াশার দাপটে দৃশ্যমানতা কমে যেতে পারে। বিভিন্ন জেলায় দৃশ্যমানতা ৯৯৯ মিটার থেকে নেমে ২০০ মিটার পর্যন্ত হতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গে অবশ্য পরিস্থিতি কিছুটা আলাদা। আলিপুর জানিয়েছে, দার্জিলিঙে হালকা বৃষ্টির সঙ্গে বিক্ষিপ্ত ভাবে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি ও কালিম্পঙে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের সব জেলাতেই ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। কুয়াশার জেরে দিনের বেশিরভাগ সময়েই দৃশ্যমানতা ১৯৯ মিটার থেকে নেমে ৫০ মিটার পর্যন্ত থাকতে পারে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে আগামী তিন দিনে তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে। তার পরের তিন থেকে চার দিনে তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় দুই থেকে চার ডিগ্রি কমই থাকবে। উত্তরবঙ্গেও আগামী তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি পারদপতনের সম্ভাবনা রয়েছে। তার পরের চার দিন রাতের তাপমাত্রা মোটামুটি একই রকম থাকার ইঙ্গিত মিলেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *