চোট নিয়েও অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে নিজের শৈশবের ক্লাব সান্তোসকে অবনমন অঞ্চল থেকে বের করে আনলেন নেইমার। ব্রাজিলিয়ান লিগ ব্রাসিলেইরাওতে জুভেন্তুদির বিপক্ষে ৩–০ গোলের জয়ে একাই তিনটি গোল করেন এই সুপারস্টার। সর্বশেষ হ্যাটট্রিক করেছিলেন তিন বছর আগে। এরই মাধ্যমে তিনি জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তিকেও যেন বার্তা দিলেন যে, তিনি এখনো ফুরিয়ে যাননি।
বুধবার রাতে অনুষ্ঠিত ম্যাচের সবগুলো গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। বাঁ হাঁটুর মেনিস্কাসে চোট নিয়ে খেলতে নামা ৩৩ বছর বয়সী এই তারকা দ্বিতীয়ার্ধের মাত্র ১৭ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক পূর্ণ করেন। ৫৬ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে প্রথম গোলের পর ইগর ভিনিসিয়ুসের ক্রস থেকে করেন দ্বিতীয় গোল। এরপর পেনাল্টি থেকে তৃতীয় গোল করে ৮৩ মিনিটে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান সুপারস্টার।
ইএসপিএন ব্রাজিলের সূত্র অনুযায়ী, মৌসুম শেষ হলে নেইমারের হাঁটুতে আর্থ্রোস্কোপিক অস্ত্রোপচার লাগতে পারে। সাম্প্রতিক দুই ম্যাচে তিনি ব্যথা নিয়ন্ত্রণে রেখে রক্ষণশীল চিকিৎসার মাধ্যমেই খেলেছেন। এই জয়ে অবনমন অঞ্চল থেকে অনেকটাই দূরে সরে গেছে সান্তোস। আগামী রবিবার নিজেদের মাঠ ভিলা বেলমিরোতে ক্রুজেইরোর বিপক্ষে জিততে পারলেই নেইমারদের প্রথম বিভাগের টিকিট নিশ্চিত হবে।
দীর্ঘদিন ধরেই ইনজুরির সঙ্গে লড়াই করছেন নেইমার। তবুও আগামী গ্রীষ্মের বিশ্বকাপে খেলার আশা ছাড়েননি তিনি। ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলোত্তি জানিয়েছেন, সম্পূর্ণ ফিট থাকতে পারলে দলে সুযোগ পাওয়ার ভালো সম্ভাবনা রয়েছে নেইমারের। প্রসঙ্গত, ২০২২ সালের এপ্রিলে প্যারিস সেন্ট জার্মেই-এর জার্সিতে ক্লেরমঁর বিপক্ষে শেষবার হ্যাটট্রিক করেছিলেন নেইমার।
