
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ। বাংলাদেশের প্রায় সব কটি পত্রিকায় তাঁকে নিয়ে প্রধান শিরোনাম করেছে। কালের কণ্ঠের শিরোনাম ‘খালেদা জিয়া এখনো সংকটাপন্ন’।
খবরে বলা হচ্ছে, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবস্থা শুক্রবারের মতো গতকাল শনিবারও সংকটাপন্ন ছিল।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের বর্তমান শারীরিক অবস্থা বিদেশে নিয়ে যাওয়ার মতো নয়।
তবে শারীরিক অবস্থার উন্নতি হলে চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নেওয়ার ব্যাপারে ভিসা ও যোগাযোগ সংক্রান্ত কাজ এগিয়ে রাখা হয়েছে।
গতকাল গুলশানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর সর্বশেষ শারীরিক অবস্থা তুলে ধরেন।

‘ফেরার সিদ্ধান্ত একক নিয়ন্ত্রণাধীন নয়: তারেক রহমান’ যুগান্তরের শিরোনাম। খবরে বলা হচ্ছে, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এখন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসক ও দলের পক্ষ থেকে বলা হয়েছে, তার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন’।
দলীয় প্রধানের গুরুতর অসুস্থতার খবর নেতাকর্মীদের উদ্বিগ্ন করে তুলেছে। লন্ডনে অবস্থান করলেও ভার্চুয়ালি মা খালেদা জিয়ার শয্যা পাশেই আছেন সন্তান তারেক রহমান। প্রত্যেক মুহূর্তে তিনি মেডিকেল বোর্ড থেকে চিকিৎসার যাবতীয় আয়োজনে নিবিড় যোগাযোগ রাখছেন। স্ত্রী ডা. জোবাইদা রহমানও মেডিকেল বোর্ডের সদস্য।
এমন অবস্থায় তারেক রহমান কবে দেশে ফিরবেন- এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মতামত তুলে ধরেন নেটিজেনরা। তবে তাদের মতামতকে সম্মান জানিয়ে শনিবার ফেসবুক পোস্টে মায়ের জন্য দোয়া চেয়ে তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন।
তিনি বলেছেন, ‘সংকটকালে মায়ের স্নেহস্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে।’ তবে তিনি আরও বলেন, এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়।

‘ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল’ মানবজমিনের শিরোনাম। খবরে বলা হচ্ছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের সব কার্যক্রম ও প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে যেকোনো দিন ঘোষণা করা হবে এই তফসিল।
শনিবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয় নির্বাচন কমিশনের আয়োজিত মক ভোটিং কার্যক্রম পরিদর্শনে এসে এ কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
তিনি বলেন, তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন। ইনশাআল্লাহ্ সুষ্ঠু নির্বাচন ও গণভোট কমিশন জাতিকে উপহার দিতে পারবে।
সিইসি জানান, জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোটও একইদিনে আয়োজন করতে হবে। এজন্য সময় ব্যবস্থাপনা বড় চ্যালেঞ্জ। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সাধারণ ভোট এবং অতিরিক্ত গণভোট মিলিয়ে ভোটার প্রতি সময় কতো লাগবে- মক ভোটিংয়ের মাধ্যমে সেটাই যাচাই করা হচ্ছে।

‘তফসিলের পরই অভিযান’ আজকের পত্রিকার শিরোনাম। খবরে বলা হচ্ছে, সারা দেশে অচিরেই সাঁড়াশি অভিযান শুরু হচ্ছে।
অস্ত্রধারী সন্ত্রাসী , চিহ্নিত চাঁদাবাজ , দখলদার , দুর্নীতিবাজ এবং জুলাই গণ – অভ্যুত্থানের পর নতুন গজিয়ে ওঠা সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে এই অভিযান চালাবে অন্তর্বর্তী সরকার । এ বিষয়ে নীতিগত সিদ্ধান্তের পর অভিযান পরিচালনার ছক তৈরির কাজ চলছে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের দায়িত্বশীল সূত্রে এসব তথ্য জানা গেছে । সূত্র বলেছে, আগামী মাসে ( ডিসেম্বর ) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর এই অভিযান শুরু হবে।
বিশেষ এই অভিযানকে সামনে রেখে স্থানীয় পর্যায়ের চিহ্নিত সন্ত্রাসী , চাঁদাবাজ , দখলদার ও দুর্নীতিবাজদের তালিকা চূড়ান্ত করা হয়েছে ।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন , জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের সব জেলায় নতুন করে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) পদায়ন করা হচ্ছে ।
গুরুত্বপূর্ণ এ দুটি পদে নতুন কর্মকর্তারা দায়িত্ব নেওয়ার পর বড় পরিসরে অভিযান শুরু হবে।

‘পুলিশ কমিশনের খসড়ায় আমলাতন্ত্রের হস্তক্ষেপ’ প্রথম আলোর শিরোনাম। খবরে বলা হচ্ছে, জুলাই গণ-অভ্যুত্থানের পর পুলিশ বাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও জবাবদিহি প্রতিষ্ঠায় স্বাধীন পুলিশ কমিশন গঠনের জোর দাবি ওঠে।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আইন উপদেষ্টার নেতৃত্বে গঠিত একটি কমিটি পুলিশ কমিশনের খসড়া তৈরি করে।
তবে সেই খসড়া আইন মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর পর তা অনেকটাই পাল্টে যায়। বাদ পড়ে অনেক গুরুত্বপূর্ণ সুপারিশ।
পুলিশের উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে, উপদেষ্টাদের সমন্বয়ে গঠিত কমিটির খসড়ার বিষয়ে আমলারা আপত্তি তোলেন।
আইজিপি (পুলিশের মহাপরিদর্শক) নিয়োগের বিষয়টিসহ কয়েকটি সুপারিশের বিরোধিতা আসে।
পুলিশকে আগের মতোই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে রাখার মাধ্যমে কার্যত পুলিশ কমিশনকে ‘নখদন্তহীন’ করে রাখার সুপারিশ আসে আমলাদের দিক থেকে।
শেষ পর্যন্ত দেখা যায়, খসড়ায় এমন কিছু পরিবর্তন এসেছে যা প্রস্তাবিত পুলিশ কমিশনকে কার্যত দুর্বল ও ক্ষমতাহীন করে তুলবে।

ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের শিরোনাম ‘Khaleda’s condition ‘unchanged’; still not fit for travel’ অর্থাৎ, ‘খালেদা জিয়ার অবস্থা ‘অপরিবর্তিত’; এখনও বিদেশে পাঠানোর জন্য উপযুক্ত নন।’
খবরে বলা হচ্ছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গতকাল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর অবস্থার কোনো পরিবর্তন হয়নি।
খালেদা জিয়ার চিকিৎসকেরা মনে করেন, বিদেশে উন্নত চিকিৎসা তাঁর সর্বোত্তম স্বার্থে হবে। তবে, তাঁর বর্তমান শারীরিক অবস্থায় বিদেশ ভ্রমণ করা সম্ভবন য়। তাই তাঁর স্বাস্থ্যের উন্নতি হলে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে।
সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসা বাংলাদেশের বিশেষজ্ঞ, যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতাল এবং যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চলছে।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক, এ জেড এম জাহিদ হোসাম গতকাল রাত ৯ টার দিকে এভারকেয়ার হাসপাতালের বাইরে সাংবাদিকদের বলেন, ‘গত তিন দিন ধরে, ২৭, ২৮ এবং আজ ২৯ তারিখ আলহামদুলিল্লাহ, তাঁর অবস্থা অপরিবর্তিত রয়েছে। চিকিৎসার পরিভাষায়, আমরা বলব যে তিনি ডাক্তারদের দেওয়া চিকিৎসা গ্রহণ করতে সক্ষম।’

‘একযোগে ৩ শতাধিক বদলি র্যাব-১৫ সিও ক্লোজড’ দেশ রূপান্তরের শিরোনাম। খবরে বলা হচ্ছে, ইয়াবা ও অর্থ কেলেঙ্কারির ঘটনায় জড়িত থাকার অভিযোগে কক্সবাজার এবং বান্দরবান নিয়ে গঠিত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৫-এ কর্মরত তিন শতাধিক সদস্যকে একযোগে বদলি করা হয়েছে।
তার মধ্যে ওই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসানকে ক্লোজড করে সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
স্থানীয়ভাবে অভিযোগ উঠেছে, র্যাব-১৫-এর অধিনায়ক কামরুল হাসান ও তার ঘনিষ্ঠ লোকজন সেখানে ইয়াবা ব্যবসায়ীদের সঙ্গে মাদকের একটি বড় সিন্ডিকেট গড়ে তোলেন।
সিও এবং তার সিন্ডিকেটের সদস্যরা ইয়াবা উদ্ধার করে মামলায় কম দেখানো, আর্থিক অনিয়ম ও কয়েকটি বিতর্কিত অভিযান করে নানা বিতর্কের সৃষ্টি করেন।
লে. কর্নেল কামরুল হাসানের এসব অপকর্ম থেকে বাঁচতে তার নিচের পদের কর্মকর্তাদের ফাঁসানোর জন্য নানা কৌশলের আশ্রয় নেওয়ার বিষয়টির তদন্ত চলছে।
নানা বিতর্কিত ও ইয়াবা জব্দ নাটকীয়তা এবং অর্থ কেলেঙ্কারির অভিযোগ আনার পরও র্যাব মহাপরিচালক এবং অতিরিক্ত মহাপরিচালকের (অপস) নির্দেশনায় লে. কর্নেল কামরুল হাসানকে বাহিনীতে ফেরত না পাঠিয়ে র্যাব সদর দপ্তরে সংযুক্ত করা হয়।

‘উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া’ এটি ইত্তেফাকের শিরোনাম।
খবরে বলা হচ্ছে, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় এই মোনাজাত পরিচালনা করেন ধর্ম উপদেষ্টা এ এফ এম খালিদ হোসেন।
সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
অন্যদিকে, বিএনপির আপত্তির মধ্যেই উপদেষ্টা পরিষদের এই বিশেষ সভায় ‘বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সংশোধনের ফলে বর্তমান আইনের কয়েকটি ধারায় পরিবর্তন এসেছে।

বিভিন্ন কূটনৈতিক সূত্রের সাথে কথা বলে জানা গেছে, অতি সম্প্র্রতি দোহায় যুক্তরাষ্ট্র, ভারত, কাতার এবং বাংলাদেশের একাধিক সিনিয়র কূটনীতিকের মধ্যে পরোক্ষ, আড়াল-আলোচনা ও ইনফর্মাল কনসালটেশন বেড়েছে উল্লেখযোগ্যভাবে।
বিষয়টি এখনো প্রকাশ্যে না এলেও এ বৈঠকগুলোকে ঘিরে আঞ্চলিক পর্যবেক্ষকদের মধ্যে নতুন প্রশ্ন উঠেছে- ঢাকা কি মধ্যপ্রাচ্য-ইন্দো-প্যাসিফিক শক্তি খেলায় একটি ‘কী-স্টেট’ হয়ে উঠছে?
খবরে বলা হয়েছে, এর পেছনে তিনটি ভূকৌশলগত কারণ – প্রথমত, যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় আঞ্চলিক সামরিক ঘাঁটি দোহায় অবস্থিত। এ আল ওদেইদ এয়ারবেস থেকে ওয়াশিংটন কেবল গাল্ফ নয়, আফগানিস্তান-ইরাক-লেভান্ট অঞ্চলের গুরুত্বপূর্ণ অপারেশন পরিচালনা করে। ফলে যেকোনো মধ্যস্থতা-সংশ্লিষ্ট আলোচনা কাতারকে কেন্দ্র করেই চলে।
দ্বিতীয়ত, এলএনজি বাজারের অদৃশ্য নিয়ন্ত্রণ হয় কাতার থেকে। কাতারের নেতৃত্বে ২০২৫ পরবর্তী এলএনজি মূল্য কাঠামো পুনর্গঠন হতে যাচ্ছে। এতে বাংলাদেশ ও ভারতের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা সরাসরি জড়িত।
জ্বালানি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন ‘বাংলাদেশ এখন এলএনজি চুক্তির প্রথম সারির আলোচনায় আছে। কাতার আমাদের জন্য নতুন জায়গা খুলে দিচ্ছে।’
তৃতীয়ত, কূটনৈতিক মধ্যস্থতার ঐতিহ্য রয়েছে কাতারের। তালেবান থেকে হামাস-ইসরায়েল পর্যন্ত বিভিন্ন সঙ্কটে কাতারের ভূমিকা যুক্তরাষ্ট্র ও ভারত উভয়ের কাছে গ্রহণযোগ্য। ফলে বাংলাদেশকে ঘিরে বৃহত্তর আঞ্চলিক স্থিতিশীলতা আলোচনার জন্য কাতার একটি ‘নিউট্রাল হাব’।

আয়তন প্রায় ৯ বর্গকিলোমিটার। দ্বীপের পূর্ব পাশে মগচরে গিয়ে দেখা যায়, সৈকতের তীরে প্রায় পাঁচ একর ঝাউবন ঘিরে গড়ে তোলা হয়েছে স্যান্ডি বিচ রিসোর্ট।
বাঁশ ও কাঠ দিয়ে নির্মাণ করা হয়েছে ছোট ছোট পাঁচটি কটেজ। পুরো এলাকায় রংবেরঙের বিদ্যুতের বাল্ব দিয়ে সাজানো হয়েছে রিসোর্ট।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় লোকজন জানান, সোনাদিয়া দ্বীপে গত এক মাসে ঝাউগাছ কেটে এবং বন বিভাগের জমি দখল করে অন্তত ১৫টি কটেজ রিসোর্ট নির্মাণ করা হয়েছে। আরও কয়েকটির নির্মাণকাজ চলছে।
তারা জানান, গভীর রাত পর্যন্ত দ্বীপে আলোকসজ্জা, লোকজনের হইচই ও বিকট শব্দে গানবাজনার কারণে ডিম পাড়তে আসতে পারছে না মা কচ্ছপ।
অক্টোবর থেকে মার্চ পর্যন্ত কচ্ছপের ডিম পাড়ার মৌসুম। গত মৌসুমে সৈকত থেকে ডিম সংগ্রহ করা হয়েছিল তিন হাজার ৫০০। ২০২০ সাল পর্যন্ত কচ্ছপ বছরে ১০ হাজারের বেশি ডিম পাড়ত।

সরকার গঠন করলে বিএনপি ১৮ মাসে এক কোটি কর্মসংস্থান সৃষ্টি করবে। পাশাপাশি অর্থনীতিতে গণতান্ত্রিকীকরণ ঘটাবেন।
অন্যদিকে দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের পাশাপাশি সমাজের সর্বস্তরে ন্যায়বিচার প্রতিষ্ঠাই হবে জামায়াতে ইসলামীর মূল লক্ষ্য বলে জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা। অর্থনৈতিক ন্যায্যতা প্রতিষ্ঠায় জোর দেবে দলটি।
সরকারের অংশ হয়ে কিংবা বাইরে থেকে, যে ভূমিকাতেই হোক না কেন, পাচারকৃত অর্থ ফেরত আনা ও পাচারকারীদের বিচারের প্রতিশ্রুতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য নতুন শক্তি হিসেবে ভূমিকা পালনের কথা বলেছে গণসংহতি আন্দোলন।
গতকাল বণিক বার্তা আয়োজিত ‘চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ২০২৫’-এ এসব প্রতিশ্রুতি দেন রাজনৈতিক নেতারা।

