শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টা বেজে ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে পাঁচ দশমিক সাত মাত্রা ভূমিকম্পে কেঁপে উঠে বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল।
এ ঘটনায় ঢাকাসহ আশেপাশের এলাকায় অন্তত চারজন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ।
নিহতদের মধ্যে তিনজন ঢাকার বংশালের কসাইটুলিতে এবং একজন নারায়ণগঞ্জের রূপগঞ্জে মারা যান।
পুলিশ জানিয়েছে, ভূমিকম্পের সময় আরমানিটোলার কসাইটুলি এলাকার একটি আটতলা তলা ভবনের পাশের দেয়াল এবং কার্নিশ থেকে ইট ও পলেস্তরা নিচে খসে পড়ে।
এসময় ভবনের নিচে থাকা একটি গরুর মাংসের দোকানে থাকা ক্রেতা ও পথচারীরা আহত হন।
ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন তাদের মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
বংশাল থানার এএসআই জাকারিয়া হোসেন বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া আরও ১০ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বিবিসি নিউজ বাংলাকে জানান, ভূমিকম্প শুরু হলে ১০ মাস বয়সী ফাতেমাকে কোলে নিয়ে তার মা বাসা থেকে বেরিয়ে আসার সময় তাদের ওপর দেয়াল ধসে পড়ে।
এতে শিশু ফাতেমা ঘটনাস্থলেই মারা যায় এবং তার মা আহত হন।
এছাড়াও খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে পাশের দোতলা একটি বাসায় একটি ইট পড়ে একজন আহত হয়েছেন বলে জানা গেছে। বারিধারার একটি বাসায় এবংআগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গেছে। তবে আগুনটি ভূমিকম্পের জন্য ছিল কি না তা জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সূত্র।
