
এতে বলা হয়েছে, মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে সহায়তা চেয়ে ইন্টারপোলকে চিঠি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)।
একই অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফিরিয়ে আনতেও সহায়তা চাওয়া হবে চিঠিতে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের কপি হাতে পেলেই চিঠি পাঠানোর কাজ শুরু করবে পুলিশ। কারণ, চিঠির সঙ্গে যুক্ত করে দেয়া হবে রায়ের কপি।
এর আগেও শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থাটিকে দুই দফা চিঠি দিয়েও সাড়া পায়নি পুলিশের এনসিবি। ইন্টারপোল ওই নোটিশ জারির যৌক্তিকতা সম্পর্কে ব্যাখ্যা চেয়েছিল।

2 foreign operators of Laldia, Pangaon terminals to get 10-year full tax exemption: NBR chief; অর্থাৎ লালদিয়া ও পানগাঁও টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাওয়া দুই বিদেশি প্রতিষ্ঠান ১০ বছর করমুক্ত সুবিধা পাবে – ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রথম পাতার একটি খবর।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান এ তথ্য নিশ্চিত করেছেন বলে ওই খবরে বলা হয়েছে।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, দেশের লালদিয়া ও পানগাঁও কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাওয়া দুই বিদেশি প্রতিষ্ঠান আগামী ১০ বছর ১০০ শতাংশ করমুক্ত সুবিধা পাবে।
এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান গতকাল বুধবার রাজধানীতে একটি অনুষ্ঠানে জানান, এই দুই টার্মিনাল পরিচালনায় যে চুক্তি হয়েছে এর অংশ হিসেবে কোম্পানিগুলোকে ১০ বছরের জন্য ১০০ শতাংশ করমুক্ত সুবিধা দিতে হয়েছে। শুধু তাই নয়, সেখানে কর্মরত বিদেশি টেকনিক্যাল স্টাফও করমুক্ত সুবিধা পাবেন।
তবে এই সুবিধা কোনও নতুন প্রণোদনা নয়, এটি সরকারের আগের আদেশ অনুযায়ী দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, ২০১৭ সালের বিদ্যমান সরকারি আদেশ (এসআরও) অনুযায়ী, পাবলিক–প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ভিত্তিতে ১২ ধরনের অবকাঠামো প্রকল্পে বিনিয়োগকারী প্রতিষ্ঠান ১০ বছরের জন্য ১০০ শতাংশ আয়করমুক্ত সুবিধা পায়।
আরেক আদেশে উল্লেখ আছে, এসব প্রকল্পে কর্মরত বিদেশি টেকনিশিয়ানরা প্রথম তিন বছর আয়ের ওপর ৫০ শতাংশ করমুক্ত সুবিধা পাবেন।
উল্লেখ্য, গত ১৭ নভেম্বর অন্তর্বর্তী সরকার চট্টগ্রামের লালদিয়া ও ঢাকার কাছে পানগাঁও— বিদেশি অপারেটরদের কাছে হস্তান্তরের জন্য চুক্তি স্বাক্ষর করে।
প্রধান বন্দর–অবকাঠামো দীর্ঘমেয়াদি লিজে বিদেশি কোম্পানির কাছে যাওয়ার ঘটনা বাংলাদেশের ইতিহাসে এটিই প্রথম।

এই খবরে বলা হয়েছে, লালদিয়া ও পানগাঁও টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশিদের কাছে ইজারা দেওয়ায় সারাদেশে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
এর প্রতিবাদে সব শ্রমিক সংগঠন আন্দোলন শুরু করেছে। রাজপথে চলছে বিক্ষোভ সমাবেশ।
এই দুইটি ছাড়া আরও কয়েকটি টার্মিনাল বিদেশিদের দেয়ার পক্রিয়া চলছে।
এই ইস্যুতে দেশের বামপন্থী দলগুলো আন্দোলন করছিল আগে থেকেই, এবার ডানপন্থী সংগঠনগুলোও মাঠে নামছে।
দাবি আদায়ে আগামী সপ্তাহে আসতে পারে হরতাল-অবরোধের মতো কঠোর কর্মসূচি।
এছাড়া, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও কর্মসূচির পরিকল্পনাও রয়েছে আন্দোলনকারীদের বড় অংশের।

এই খবরে বলা হয়েছে, নিজেদের এক নেতাকে গভীর রাতে তুলে নেয়ার অভিযোগ এবং ১৬ ডিসেম্বর থেকে চালু হতে যাওয়া এনইআইআর নিবন্ধন ব্যবস্থা নিয়ে অনিশ্চয়তার কারণে হুট করে গতকাল বুধবার দুপুরে সারাদেশে মুঠোফোন বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে মোবাইল ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)।
দেশের মোবাইল নেটওয়ার্কে নিবন্ধনবিহীন, চুরি হওয়া বা আমদানি অনুমোদনহীন ফোনের ব্যবহার সম্পূর্ণ বন্ধেই এনইআইআর চালুর সিদ্ধান্ত নেয় বিটিআরসি।
তবে ব্যবসায়ীদের দাবি, এসব ফোন বন্ধ হলে তারা ক্ষতিগ্রস্ত হবেন। এ নিয়ে গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন ডেকেছিলেন তারা। আটক হওয়া ব্যবসায়ীকে আজকের মধ্যে মুক্তি না দিলে তারা সারাদেশে কঠোর আন্দোলনে নামবেন বলে ঘোষণা দিয়েছেন।
গতকাল সংবাদ সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় নেতা আরিফুর রহমান দাবি করেন, ‘এনইআইআর সিস্টেম চালুর ফলে ৫৭ শতাংশ পর্যন্ত কর বৃদ্ধি পেতে পারে। ফলে মোবাইলের দাম কয়েক গুণ বাড়বে। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবেন নিম্ন আয়ের মানুষ।

এই খবরে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার ভারতের নয়াদিল্লিতে এই বৈঠকে দ্বিপক্ষীয় প্রধান ইস্যুগুলো নিয়ে আলোচনা করেন তারা। সুবিধাজনক সময়ে অজিত দোভালকে বাংলাদেশ সফরে এ সময় আমন্ত্রণ জানান নিরাপত্তা উপদেষ্টা।
সূত্র বরাতে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এদিন সকালে ভারতের প্রধানমন্ত্রী কার্যালয়ে দু’জনের মধ্যে প্রায় আধা ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক হয়। দিল্লি যাওয়ার আগে খলিলুর রহমান ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার বাসভবনে গিয়ে তার সঙ্গে দেখা করেন।
দুই দেশের নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে বৈঠকটি এমন সময় অনুষ্ঠিত হয়েছে, যখন মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধামন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছেন।
আর চব্বিশের পাঁচই অগাস্টের পর এটি অন্তর্বর্তী সরকারের কোনও উপদেষ্টার ভারতের দ্বিতীয় সফর। তার আগে গত ফেব্রুয়ারিতে গিয়েছিলেন জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

এই খবরে কয়েকটি ঘটনার উদাহারণ তুলে ধরা হয়েছে। যেগুলোর ক্ষেত্রে ওয়ারেন্ট ছাড়া সাদা পোশাকে এসে বাসা থেকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। এক্ষেত্রে কোথাও সাদা পোশাকে এসে অবরুদ্ধ হয়েছেন কিংবা আসলেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কি না এ নিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাদা পোশাকে অভিযান দেশের বিভিন্ন স্থানেই হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে হতো এই ধরনের অভিযান, তাতে নিরীহ লোকজনকে আটক করে হয়রানি করার অভিযোগ ছিল।
অন্তর্বর্তী সরকারের আমলেও একই ঘটনা ঘটছে। আটকের পর কাউকে কাউকে ৫৪ ধারার বা অন্য মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়ে দেওয়া হচ্ছে।
আবার ‘অনৈতিক আবদার’ মেটানোর পর ছেড়ে দেওয়া হচ্ছে।

এতে বলা হয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) ধারাবাহিক সংলাপে গতকাল বুধবার বিএনপি, জামায়াত, এনসিপিসহ ১২টি রাজনৈতিক দল অংশ নিয়েছে।
এতে অংশ নিয়ে বিএনপি আগামী নির্বাচনে ইসির নিজস্ব কর্মকর্তাদের মধ্য থেকে রিটানিং কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তার দায়িত্ব দেয়ার প্রস্তাব করেছে।
জামায়াতের প্রস্তাব— ভোটের তফসিল ঘোষণার একইদিনে একযোগে জনপ্রশাসন ও পুলিশ বাহিনীতে রদবদল করতে হবে। সেক্ষেত্রে প্রয়োজনে লটারির মাধ্যমে বদলির পরামর্শ দিয়েছে দলটির নেতারা।
অন্যিদকে, জোট করলেও প্রার্থীর স্ব-স্ব দলের প্রতীকে ভোট করা নিয়ে গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) বিধান যুক্ত করায় ইসিকে অকুণ্ঠ সমর্থন জানিয়ে প্রশংসা করেছে এনসিপি।
বড় কোনও দলের চাপ থাকলেও ইসির সিদ্ধান্ত যেন অটুট থাকে সে দাবি জানিয়েছে দলটি।

এতে বলা হয়েছে, ব্যাংকের ঋণ অবলোপনের ১০ দিন আগে গ্রাহককে জানানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। যা আগে ছিল ৩০ দিন।
গতকাল বুধবার এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকে এক সার্কুলার জারি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ব্যাখ্যা, একটি কেইস সেটেল করতে দীর্ঘ সময় লেগে যাওয়ার কারণে অবলোপন প্রক্রিয়াকে আরও কার্যকর ও দ্রুততর করতে এই পরিবর্তন আনা হয়েছে।
সার্কুলারে বলা হয়, কোনও ঋণ একাধারে মন্দ এবং ক্ষতিজনক মানে অবস্থান করলে তা অবলোপনের যোগ্য ধরা হবে। বিশেষ করে অধিক পুরনো শ্রেণীকৃত ঋণগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে অবলোপন করতে নির্দেশ দেয়া হয়েছে।
তবে অবলোপন হলেও ঋণগ্রহীতা সম্পূর্ণ দায় পরিশোধ না করা পর্যন্ত তাকে খেলাপি হিসেবে চিহ্নিত রাখা হবে।

দ্য ডেইলি স্টারের প্রথম পাতার খবর— CA Seeks the armed forces’ support for festive pools; অর্থাৎ উৎসবমুখর নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা।
এতে বলা হয়েছে, গতকাল বুধবার মিরপুর সেনানিবাসে একটি কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেছেন, এখন নির্বাচনের সময়।
ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।
এ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর আয়োজনে সামরিক বাহিনী, পুলিশ ও আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা প্রয়োজন।
গণঅভ্যুত্থানের পর শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন কঠিন উল্লেখ করে তিনি বলেছেন, মানুষ যাতে নির্ভয়ে তাদের ভোট দিতে পারে এমন পরিবেশ তৈরি করতে হবে।
এজন্য ঐকের্য কথাও বলেন প্রধান উপদেষ্টা।

