সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার আগেই পরপর প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল ঢাকা। সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর, রবিবার গভীর রাতেই একাধিক বোমা বিস্ফোরণ হয়েছে ঢাকায়। এখনও বিস্ফোরণের জেরে হতাহতের খবর মেলেনি। তবে ঢাকা এবং সংলগ্ন এলাকাগুলিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ।
রয়টার্স সূত্রে খবর, রবিবার রাতে থানা সংলগ্ন এলাকায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। এছাড়াও মহম্মদ ইউনুসের পরামর্শদাতাদের একজনের বাড়ির বাইরে বিস্ফোরণ ঘটানো হয়েছে। বাংলাদেশি সংবাদমাধ্যম সূত্রে খবর, ঢাকার তিতুমীর কলেজের মূল ফটকের সামনে এবং আমতলি মোড় এলাকায় বিস্ফোরণ ঘটেছে। আরও বেশ কিছু এলাকায় বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। মূলত রবিবার রাত দেড়টা নাগাদ অশান্তি শুরু হয়েছে ঢাকায়।
