এই খবরটি পডকাস্টে শুনুনঃ
এশিয়া কাপ রাইজিং স্টার্সের গ্রুপপর্বে ওমানকে হারানোর পর ভারত ‘এ’ দলের বিপক্ষেও ধারাবাহিক পাকিস্তান শাহিনস। মাজ সাদাকাতের অপরাজিত ৭৯ রানের ইনিংসে ভারতকে ৮ উইকেটে হারিয়েছে পাকিস্তান। তাতে একম্যাচ হাতে রেখেই সেমিফাইনালের টিকিট কেটেছে দলটি।
কাতারের দোহায় ওয়েস্ট ইন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটে নামে ভারত। ১৯ ওভারে ১৩৬ রানে গুটিয়ে যায় জিতেশ শর্মার দল। জবাবে নেমে ৪০ বল হাতে রেখে জয় নিশ্চিত করে পাকিস্তান।
ভারতের হয়ে সর্বোচ্চ ৪৫ রানের ইনিংস খেলেছেন বৈভব সূর্যবংশী। ২৮ বলের ইনিংসে ছিল ৫টি চার ও ৩ ছক্কার মার। ৬ চার ও ১ ছক্কায় ২০ বলে ৩৫ রান করেন নামান ধীর। বাকিদের মধ্যে হর্ষ দুবে ১৯ রান করেন।
পাকিস্তান বোলারদের মধ্যে শহিদ আজিজ ৩ উইকেট নেন। সাদ মাসুদ ও মাজ সাদাকাত নেন দুটি করে উইকেট।
জবাবে নেমে ৭ চার ও ৪ ছক্কায় ৪৭ বলে ৭৯ রানের অপরাজিত ইনিংস খেলেন সাদাকাত। ১৪ বলে ১৬ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ ফারিক। এছাড়া মোহাম্মদ নাঈম ১৪ এবং ইয়াসির খান ১১ রান করেন।
ভারতের হয়ে একটি করে উইকেট নেন যশ ঠাকুর ও সুয়েষ শর্মা।



