SIR in Bengal: দিব্যি বেঁচে রয়েছেন। কিন্তু ভোটার তালিকায় মৃত। তাই পেলেন না এনুমারেশনের ফর্ম। এসআইআর আবহে তাই চরম দুশ্চিন্তায় ৫২ বছরের পরিযায়ী শ্রমিক আলি হোসেন। বাড়িতে অন্যান্য সদস্যদের এসআইআর এর ফর্ম দিয়ে গেছে বিএলও। কিন্তু তিনি কোন ফর্ম পাননি বলে অভিযোগ। আলি হোসেনের বাড়ি রতুয়া বিধানসভার সামসী পঞ্চায়েতের ভগবানপুর গ্রামে। ২০০২ সালের ভোটার তালিকায় ৬৬ নং অংশে আলি হোসেন ও তাঁর পিতা শিষ মুহাম্মদ সহ পরিবারের অন্যান্য সদস্যদের নাম রয়েছে। তার অভিযোগ, ২০১৩ সালের পর কোন এক অজ্ঞাত কারণে ভোটার তালিকা থেকে তার নামটি বাদ চলে যায়। একাধিকবার আবেদন জানিয়েও কোন ফল মেলেনি। ২০২৫ এর ভোটার তালিকায় আলী হোসেন ছাড়া তার পরিবারের অন্যান্য সদস্যদের নাম রয়েছে। এই তালিকায় তার কোন নাম না থাকায় দুশ্চিন্তায় পড়েছেন এই পরিযায়ী শ্রমিক। সামসি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা রতুয়া-১ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সহ-সভাপতি মোশারফ হোসেন জানিয়েছেন, আলি হোসেন আমাদের কাছে সাহায্য চাইলে তাকে সব রকম সহযোগিতা করা হবে।
