দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ। সোমবার সন্ধ্যায় লালকেল্লা (Red Fort)-এর গেট নম্বর ১-এর কাছে একটি গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের জেরে গাড়িটি মুহূর্তে আগুনে পুড়ে যায়, আর তার সঙ্গে আশেপাশে থাকা আরও ৩ থেকে ৪টি গাড়িও আগুনে জ্বলে ওঠে। ঘটনায় আটজনের মৃত্যুর খবর মিলেছে। আহত অন্তত ৩ জন।
দিল্লি পুলিশের এক আধিকারিক বলেন, “সন্ধ্যা নাগাদ লালকেল্লা মেট্রো স্টেশনের গেট নম্বর ১-এর কাছে একটি গাড়িতে আকস্মিক বিস্ফোরণের খবর পাই। সঙ্গে সঙ্গে দমকলের ইঞ্জিন ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন।”
প্রত্যক্ষদর্শীদের তোলা ভিডিও ও ছবিতে দেখা গিয়েছে, বিস্ফোরণের পর রাস্তায় আগুনে জ্বলছে একাধিক যানবাহন। একটি ভিডিওতে দেখা যায়, বিস্ফোরিত গাড়িটির উইন্ডস্ক্রিন সম্পূর্ণ চূর্ণ, মাটিতে পড়ে রয়েছেন এক আহত ব্যক্তি।
এক প্রত্যক্ষদর্শী জানান, “একটা বিকট শব্দ হয়, তারপর মুহূর্তে আগুন লেগে যায়। মানুষ ছুটে পালাতে থাকে, কেউ কেউ আহত হয়। কয়েক সেকেন্ডের মধ্যে আগুন পাশের গাড়িগুলিতেও ধরে যায়।”
বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দিল্লি পুলিশ, দমকল ও এনএসজি-র টিম। পুরো এলাকাটি ঘিরে ফেলা হয়েছে, লালকেল্লা মেট্রো স্টেশনের গেট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তা বাহিনী এলাকাটি খালি করে তদন্ত শুরু করেছে।
🚨#BREAKING : As per eye witness talking to Zee Media -“The explosion was so loud, it felt like there was an earthquake.”#Delhi #RedFort #India #Blast #News pic.twitter.com/u2bII9yAMO
— TheWarPolitics (@TheWarPolitics0) November 10, 2025
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, “বিস্ফোরণের প্রকৃতি এখনও স্পষ্ট নয়। এটি যান্ত্রিক ত্রুটির কারণে নাকি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে, তা তদন্ত চলছে।”
লালকেল্লা বা লাল কিলা দিল্লির চাঁদনি চক-সংলগ্ন এলাকায় অবস্থিত, যা প্রতিদিন হাজার হাজার পর্যটক ও স্থানীয় মানুষে ভরে থাকে। বিস্ফোরণের সময় সন্ধ্যার ব্যস্ত ট্রাফিক চলছিল বলে জানা গেছে। এর ফলে হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, আহতদের মধ্যে কয়েকজন স্থানীয় দোকানদার ও গাড়ির চালক। তাঁদেরকে নিকটবর্তী লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতাল (LNJP Hospital)-এ ভর্তি করা হয়েছে। দমকল সূত্রে খবর, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও একাধিক গাড়ি সম্পূর্ণভাবে পুড়ে গেছে।
বিস্ফোরণের প্রকৃতি নির্ধারণ করতে ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছেছে। আশেপাশের CCTV ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। পুলিশের এক আধিকারিক জানান, “এই মুহূর্তে কোনও জঙ্গি-সংযোগ বা পরিকল্পিত হামলার ইঙ্গিত মেলেনি। তবে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।”
পুলিশ জানিয়েছে, “পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে, তবে তদন্ত না হওয়া পর্যন্ত কেউ যেন এলাকায় ভিড় না করেন।”
