সামনের বছরের শুরুতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২৫ সালে বাংলাদেশ দলের সূচিতে তাই টি-টোয়েন্টি সিরিজ একের পর এক। এরই মধ্যে ২৭টা টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ, বাকি আছে আয়ারল্যান্ডের বিপক্ষে আরও ৩টি। এই বছর বাংলাদেশ সবশেষ টেস্ট খেলেছে জুন মাসে, এরপর মাস চারেক লাল বলের সঙ্গে সম্পর্ক ছিল না অনেক ক্রিকেটারেরই। জাতীয় ক্রিকেট লিগ দিয়ে তাদের অনেকেই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন মাস পাঁচেক পর। সিলেটে প্রথম দিনের অনুশীলনে তাই ব্যাটসম্যানরাই ব্যাটিং করলেন লম্বা সময় ধরে। মনোযোগ দিয়ে তাদের ব্যাটিং দেখেছেন প্রথমবার জাতীয় দলের সঙ্গে কোচের ভূমিকায় সংযুক্ত হওয়া মোহাম্মদ আশরাফুল, পদত্যাগপত্র জমা দেওয়া মোহাম্মদ সালাহউদ্দিনের পাশে থেকে।

শ্রীলঙ্কা সফরের পর দীর্ঘ বিরতিতে নিজ খরচে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডে অনুশীলন করে এসেছিলেন সাদমান ইসলাম ও মমিনুল হক। কলম্বো টেস্টের পর এনসিএল টি-টোয়েন্টিতে ৫টা টি-টোয়েন্টি খেলা সাদমান লাল বলে খেলেছেন একটাই ম্যাচ। জাতীয় লিগের টি-টোয়েন্টি সংস্করণে সেঞ্চুরি করলেও একটি মাত্র চারদিনের ম্যাচে সাদমানের ২ ইনিংসে রান যথাক্রমে ০ ও ৩৭। প্রথম ইনিংসে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন কোনো রান না করেই, দ্বিতীয় ইনিংসে বোল্ড হয়েছেন আলাউদ্দিন বাবুর বলে। রংপুরের বিপক্ষে ম্যাচটা হয়েছে সিলেটেই।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পর শ্রীলঙ্কা সফরে বাদ পড়া মাহমুদুল হাসান জয় জাতীয় দলে ফিরেছেন আইরিশদের বিপক্ষে। ‘টেস্ট স্পেশালিস্ট’ তকমা পেয়ে যাওয়া জয় জাতীয় লিগের টি-টোয়েন্টি সংস্করণে সর্বোচ্চ রান করেছেন, হয়তো সে জন্যই তাকে টেস্ট দলে ফিরিয়েছেন নির্বাচকরা! কারণ বাদ পড়ার পর দলে ফেরার আগে তিনি এমন কিছু করেননি যার জন্য তাকে দলে ফেরানো হবে। যদিও চট্টগ্রামের হয়ে রাজশাহীর বিপক্ষে জাতীয় লিগের প্রথম রাউন্ডের ম্যাচে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি আছে জয়ের, তবে জাতীয় লিগের রান কবেই বা গুনতিতে নিয়েছেন বাংলাদেশ দলের নির্বাচকরা! সেটা হলে ঢাকার হয়ে সিলেটের বিপক্ষে সিলেটের মাঠেই  খালেদ-এবাদতের মতো পেসারদের বিপক্ষে ১২২ রানের ইনিংস খেলেও মাহিদুল ইসলাম অঙ্কন দলে জায়গা পান না, অথচ মাঠে দর্শকদের দুয়োধ্বনি শুনতে থাকা আর সামাজিক যোগাযোগ মাধ্যমে অবিরাম বিদ্রƒপের শিকার জাকের আলী দিব্যি টেস্ট দলে চলে আসেন। যার সাদা বলে সবশেষ ইনিংসগুলোতে আত্মবিশ্বাসের অভাব স্পষ্ট আর রানও কম, সবশেষ ৩ টেস্ট ইনিংসে রান যথাক্রমে ৫, ৮ এবং ২।

মমিনুল হকের সঙ্গে একটা সময় চন্ডিকা

হাথুরুসিংহের বিরোধ ছিল প্রকাশ্য। তাকে দল থেকে বাদ দিতে চেয়েছিলেন বাংলাদেশের সাবেক কোচ। সেই হাথুরুসিংহের অস্ট্রেলিয়ার একাডেমিতে গিয়েই গাঁটের টাকা খরচ করে অনুশীলন করে এসেছেন মমিনুল। এরপর জাতীয় লিগের টি-টোয়েন্টি সংস্করণে ৮টা ম্যাচ তাকেও খেলতে হয়েছে, প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন দুটো। রাজশাহীতে স্বাগতিকদের বিপক্ষে করেছেন ১৩ আর ০, প্রথম ইনিংসে আসাদুজ্জামান পায়েলের বলে বোল্ড আর দ্বিতীয় ইনিংসে শফিকুল ইসলামের বলে তাইজুল ইসলামের হাতে ক্যাচ। পরের ম্যাচে কক্সবাজারে ৯২ রান করে বোল্ড হয়েছেন রুয়েল মিয়ার বলে। বরিশাল পয়েন্ট টেবিলের নিচের সারির দল, মূলত অন্যান্য বিভাগে যারা দলে থাকতে পারেন না তারাই খেলেন এই দলের হয়ে। কক্সবাজারের উইকেটও খুব একটা চ্যালেঞ্জ জানায় না ব্যাটসম্যানদের। তাই অস্ট্রেলিয়া থেকে কেমন তালিম নিয়ে এলেন মমিনুল তার খুব একটা পরীক্ষা হয়নি জাতীয় লিগে, হয়তো সেটা দেখা যাবে আইরিশদের বিপক্ষেই।

৯৯তম টেস্ট খেলতে নামার অপেক্ষায় থাকা মুশফিক প্রস্তুতি নিয়েছেন ভালোভাবেই। সাদা বলের ক্রিকেট থেকে এরই মধ্যে অবসর নিয়ে নেওয়া মুশফিক জাতীয় লিগে খেলছেন সিলেটের হয়ে। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে সিলেট স্টেডিয়ামেই জাতীয় লিগের দুটো ম্যাচ খেলেছেন মুশফিক। ঢাকার বিপক্ষে সবশেষ ইনিংসে করেছেন ১১৫ রান, তার আগে ময়মনসিংহের বিপক্ষে করেছিলেন মাত্র ২০ রান। শনিবার অনুশীলনেও সবার আগে ব্যাটিং করেছেন মুশফিক, লম্বা সময় ব্যাটিং অনুশীলন করেছেন নেটে এবং সিমেন্টের উইকেটে।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কলম্বো টেস্টের পর অধিনায়কত্ব ছেড়ে ফের অধিনায়কের দায়িত্ব নিয়েছেন। দলের সঙ্গে টিম ডিরেক্টর হিসেবে যুক্ত হয়েছেন আব্দুর রাজ্জাক, ব্যাটিং কোচ হিসেবে এসেছেন মোহাম্মদ আশরাফুল। এই সিরিজের পরেই সরে দাঁড়াচ্ছেন মোহাম্মদ সালাহউদ্দিন। সন্ধিক্ষণের এই সিরিজে অনেকটাই স্পষ্ট হবে, টেস্ট মর্যাদা প্রাপ্তির ২৫ বছর পর কোন পথে এগোবে বাংলাদেশের ক্রিকেট। মাঠের বাইরে থেকে নেওয়া অনেক সিদ্ধান্তের প্রভাব মাঠের খেলায় কতটা কার্যকর, আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে হবে তারও পরীক্ষা।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *