জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণাধীন ১০ তলা একটি আবাসিক ভবনের ৮তলা থেকে পড়ে রাকিব (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নে।

শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, রাকিব শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নির্মাণাধীন ভবনের আট তলা থেকে ভবনের ময়লা নিয়ে নামার সময় ময়লার বস্তা দেওয়ালের সাথে ধাক্কা খেয়ে বস্তাসহ তিনি নিচে পড়ে যান। পরবর্তীতে সহকর্মীরা তাকে উদ্ধার করে তাৎক্ষণিক চিকিৎসার জন্য প্রথমে সাভারের ইসলামিয়া মেডিকেলে নেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা গুরুতর দেখে দ্রুত সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেসময়, এনাম মেডিকেল কলেজের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে মৃত্যুর বিষয়টি জানাজানি হলে প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ ও নিন্দা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শ্রমিকদের জন্য নিরাপত্তা বেষ্টনী (ক্যানপি) ও অন্যান্য নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। এ ঘটনায় নিহত শ্রমিকের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানিয়েছেন শিক্ষার্থীরা। পাশাপাশি ঘটনাটি তদন্ত সাপেক্ষে নির্মাণাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতির শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে থাকা উপ উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, তিনি (মৃত রাকিব) সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে নির্মাণাধীন ভবনের আট তলা থেকে ময়লা ফেলার সময় পড়ে যান। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে আমরা তাৎক্ষণিক প্রশাসনিক সভা ডেকে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছি। আপাতত সকল নির্মাণকাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, নিহতের পরিবারকে দাফন-কাফন সম্পন্নের জন্য প্রাথমিকভাবে ২ লাখ টাকা দেওয়া হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *