
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা সামান্তা শারমিন ফোনে হুমকি ও গালাগালির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তার দাবি, বরগুনা জেলা ছাত্রলীগের পরিচয় দিয়ে সবুজ খান নামের এক ব্যক্তি তাকে কিছুদিনের মধ্যে ‘জয় বাংলা’ করে দেওয়ার হুমকি দিয়েছেন।
রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টা ৩৫ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন সামান্তা শারমিন।
ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, বরগুনা জেলা ছাত্রলীগের পরিচয় দিয়ে সবুজ খান নামের ওই ব্যক্তি দুপুর ১২টা ২৭ মিনিটে তাকে হুমকি দেন। এ সময় তাকে অকথ্য ভাষায় গালাগালিও করা হয়। তবে ছাত্রলীগে ওই ব্যক্তির পদবি কী, তা তিনি জানাতে রাজি হননি। পোস্টে সামান্তা শারমিন লেখেন, আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না।
ফেসবুক পোস্টের বিষয়ে যোগাযোগ করা হলে সামান্তা শারমিন বলেন, হোয়াটসঅ্যাপে কল আসার সময় নেটওয়ার্ক চলে যায়। তখন শুধু বরগুনা জেলা ছাত্রলীগের পরিচয়টুকু শুনতে পান। পরে আবার ফোন করলে তিনি রিসিভ করেন। এ সময় ওই ব্যক্তি নিজেকে সবুজ খান ও বরগুনা জেলা ছাত্রলীগের সদস্য হিসেবে পরিচয় দেন।
সামান্তা বলেন, ‘এরপর বলে, তোমাকে জয় বাংলা কইরা দেওয়া হবে আর কিছুদিনের মধ্যে। আমি বললাম, জয় বাংলা জিনিসটা কী? এরপর সে অকথ্য ভাষায় আমাকে গালিগালাজ শুরু করে।’
সামান্তা শারমিনের ভাষ্য, একপর্যায়ে তিনি হুমকিদাতার কাছে বরগুনা জেলা ছাত্রলীগে তার পদবি, বরগুনার কোথায় তার অবস্থান এবং ঢাকায় নাকি বরগুনায় রাজনীতি করতেন, তা জানতে চান। কিন্তু কোনো প্রশ্নের উত্তর না দিয়ে ওই ব্যক্তি গালাগালি করতে থাকেন। একপর্যায়ে নিজেই ফোন কেটে দেন।

এ ঘটনায় রোববার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন বলে জানিয়েছেন সামান্তা শারমিন।
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণেরা অভ্যুত্থানের পর জাতীয় নাগরিক কমিটি গঠন করেন। সংগঠনটির মুখপাত্রের দায়িত্ব পালন করেছিলেন সামান্তা শারমিন।
পরে জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণেরা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠন করলে সামান্তা শারমিন দলটির জ্যেষ্ঠ আহ্বায়ক হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সামান্তা সর্বশেষ এনসিপির যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন। গত ৫ নভেম্বর তিনি দল থেকে পদত্যাগ করেন।
এর আগে গত শুক্রবার হত্যার হুমকি পাওয়ার কথা জানান জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের মনোনয়নে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী মাহমুদা আলম মিতু। এর আগের দিন বৃহস্পতিবার এনসিপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে আগুনের ঘটনা ঘটে। এ ঘটনাকে নাশকতা বলে দাবি করেছেন নুসরাত তাবাসসুম।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
