
সংগৃহীত
যুক্তরাষ্ট্রের আর্লিংটন ন্যাশনাল সিমেট্রিতে নিয়ম ভাঙার দায়ে নিজের সফরসঙ্গীদের ধমক দেওয়া ও শান্ত থাকতে বলা প্রহরারত সেনাসদস্যকেই বিশেষ পদক দিয়ে পুরস্কৃত করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত বুধবার ‘ভেটেরানস ডে’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ধারণ করা ভিডিওতে দেখা যায়, সমাধিস্থলে অবস্থিত দেশের অন্যতম পবিত্র যুদ্ধস্মারক ‘টুম্ব অব দ্য আননোন সোলজার’ (অজ্ঞাত সেনার সমাধি)-এর সামনে দাঁড়িয়ে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ, তার স্ত্রী এবং জ্যেষ্ঠ উপদেষ্টারা হাসাহাসি ও কথা বলতে বলতে ছবি তোলার পোজ দিচ্ছিলেন। সে সময় সমাধিতে প্রহরার দায়িত্বে থাকা এক সেনা তাদের ধমক দিয়ে শান্ত ও নীরব থাকার কড়া নির্দেশ দেন।
পরবর্তীতে পেন্টাগন এক বিবৃতিতে ঘোষণা করে যে ‘টুম্ব অব দ্য আননোন সোলজারে যথাযথভাবে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ’ স্পেশালিস্ট থমাস ইগলেসিয়াস নামের ওই সেনাকে ‘জয়েন্ট সার্ভিস কমেন্ডেশন মেডেল’ প্রদান করেছেন প্রতিরক্ষামন্ত্রী।
প্রতিরক্ষামন্ত্রীর নিজস্ব এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত ছবিতে দেখা যায়, তিনি নিজে উপস্থিত হয়ে ইগলেসিয়াসের বুকে এই পদক পরিয়ে দিচ্ছেন। ওই সেনার সঙ্গে ‘৩য় মার্কিন ইনফ্যান্ট্রি রেজিমেন্ট’-এর অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন; যারা ‘ওল্ড গার্ড’ নামে পরিচিত এবং এই সমাধিসৌধ সার্বক্ষণিক পাহারার দায়িত্বে নিয়োজিত থাকে।
ছবির ক্যাপশনে হেগসেথ লেখেন, ‘আমরা সেনাদের ভালোবাসি। আমরা নিয়ম ও শৃঙ্খলাকে ভালোবাসি। সাবাশ স্পেশালিস্ট। এগিয়ে চলো দেশপ্রেমিকেরা।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সমাধিতে দায়িত্বে থাকা সেনাসদস্য ইগলেসিয়াস হেগসেথের দলের দিকে কড়া পদক্ষেপে এগিয়ে গিয়ে উচ্চকণ্ঠে নির্দেশ দেন: ‘সব দর্শনার্থীকে সার্বক্ষণিক নীরবতা ও শ্রদ্ধাপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে।’
আর্লিংটন ন্যাশনাল সিমেট্রির নিয়মানুযায়ী, যেকোনো দর্শনার্থীকে সেখানে ধীর ও নিচু স্বরে কথা বলতে হয় এবং অসম্মানজনক বা বিশৃঙ্খল আচরণ করা সম্পূর্ণ নিষিদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধে নিহত এক অজ্ঞাত সেনার স্মরণে নির্মিত এই সমাধিটি যুক্তরাষ্ট্রের অন্যতম পবিত্র জাতীয় স্মৃতিসৌধ হিসেবে বিবেচিত।
পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল এক বিবৃতিতে বলেন, ‘এই ভাবগম্ভীর দিনটি উদযাপনের সময় এক সেনাসদস্য অত্যন্ত সঠিক ও সম্মানজনকভাবে সবাইকে শিষ্টাচার বজায় রাখার বিষয়টি মনে করিয়ে দিয়েছিলেন। প্রতিরক্ষামন্ত্রী এবং পুরো প্রতিরক্ষা দপ্তর সর্বদা সেই সব সেনা সদস্যদের আত্মত্যাগকে সম্মান জানায়, যারা আমেরিকার নিরাপত্তায় নিজেদের বিলিয়ে দিয়েছেন।’
১৯৪৮ সাল থেকে দিনরাত ২৪ ঘণ্টা ৩য় ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সদস্যরা এই সমাধির পাহারায় দাঁড়িয়ে থাকেন। সিবিএস নিউজের তথ্য অনুযায়ী, সমাধিস্থলে এসে আচরণবিধি লঙ্ঘন করা দর্শনার্থীদের এভাবে সতর্ক করা সেখানকার প্রহরীদের জন্য কোনো অস্বাভাবিক ঘটনা নয়; দিনে কয়েকবারই তাঁদের এমন সতর্কতা দিতে হয়।
এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা সমাধিস্থলে বার্ষিক পুষ্পস্তবক অর্পণে অংশ নেন। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প ইরান যুদ্ধে নিজের প্রশাসনের কথিত সাফল্যের প্রশংসা করেন এবং প্রতিরক্ষামন্ত্রী হিসেবে হেগসেথ ‘চমৎকার কাজ’ করছেন বলে উল্লেখ করেন।
উল্লেখ্য, কংগ্রেসের পূর্বানুমোদন ছাড়াই ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করার অভিযোগে গত মঙ্গলবার ক্যাপিটল হিলে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে অভিশংসনের (ইমপিচমেন্ট) একটি উদ্যোগ নেওয়া হয়েছিল; যা শেষ পর্যন্ত প্রতিনিধি পরিষদে নাকচ হয়ে যায়। হেগসেথ এই অভিশংসন প্রচেষ্টাকে একটি ‘প্রহসন’ ও ‘রাজনৈতিক স্টান্টবাজি’ বলে অভিহিত করেছেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
