
Mahli Beardman Record: ২০২৪ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে (2024 Under-19 Cricket World Cup) ম্যাচের সেরা হয়ে অস্ট্রেলিয়াকে (Australia) চ্যাম্পিয়ন করেন ফাস্ট-বোলার মাহলি বিয়ার্ডম্যান। শুক্রবার তিনি অস্ট্রেলিয়ার সিনিয়র দলের হয়ে ওডিআই ফর্ম্যাটে প্রথম ম্যাচ খেলার সুযোগ পেলেন। এই ম্যাচে রেকর্ড গড়লেন তরুণ ফাস্ট-বোলার।
Australia vs England First ODI: ওডিআই ক্রিকেটে অভিষেকেই ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার তরুণ ফাস্ট-বোলার মাহলি বিয়ার্ডম্যান (Mahli Beardman)। শুক্রবার পারথে (Perth) ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআই ম্যাচে ছয় উইকেট নিয়ে ৩৮ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন তিনি। আইসিসি-র তথ্য (ICC) অনুযায়ী, ছয় ওভারে মাত্র ২৪ রান দিয়ে ছয় উইকেট তুলে নেন বিয়ার্ডম্যান। এর ফলে ওডিআই ক্রিকেটে অভিষেকে পাঁচ বা তার বেশি উইকেট নেওয়া অস্ট্রেলিয়ার দ্বিতীয় পুরুষ ক্রিকেটার হয়ে উঠলেন তিনি। এর আগে এই কৃতিত্ব ছিল একমাত্র টনি ডোডেমাইডের (Tony Dodemaide)। বিয়ার্ডম্যানের বিধ্বংসী বোলিংয়ের সৌজন্যে মাত্র ১৩১ রানেই অলআউট হয়ে যায় ইংল্যান্ড।
পারথে ভয়ঙ্কর বোলিং বিয়ার্ডম্যানের
পারথ স্টেডিয়ামের পেস সহায়ক পিচে শুরু থেকেই দাপট দেখান এই তরুণ ফাস্ট-বোলার। প্রথমে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুককে (Harry Brook) ফিরিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম উইকেটটি তুলে নেন তিনি। এরপর প্রাক্তন অধিনায়ক জো রুটকেও (Joe Root) সাজঘরে ফেরান বিয়ার্ডম্যান। ১৪ ওভার শেষে ৫৫ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড। সেখানেই থেমে থাকেননি অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রতিনিধিত্ব করা এই পেসার। জর্ডন কক্স, স্যাম কারান, লিয়াম ডসন এবং জোফ্রা আর্চারকে আউট করে নিজের ছয় উইকেটের কোটা পূর্ণ করেন তিনি। ম্যাচ শেষে নিজের অভিষেক নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন বিয়ার্ডম্যান। দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগকে বিশেষ সম্মানের বলে উল্লেখ করেন তিনি। বিয়ার্ডম্যান বলেন, ‘সত্যি বলতে, কী ঘটে গেল, তা এখনও বুঝতে পারছি না। সবকিছু খুব দ্রুত হয়ে গেল। দেশের হয়ে খেলার সুযোগ পাওয়া অত্যন্ত সম্মান ও গর্বের। তার সঙ্গে কয়েকটি উইকেটও তুলে নিতে পেরেছি। এটা যেন আনন্দের ওপর বাড়তি পাওনা।’
ব্রুকের উইকেট নিয়ে খুশি বিয়ার্ডম্যান
নিজের ছয় উইকেটের মধ্যে কোনটি সবচেয়ে বেশি মনে ধরেছে, সেই প্রশ্নের উত্তরে ইংল্যান্ড অধিনায়ক ব্রুকের উইকেটকেই বেছে নেন বিয়ার্ডম্যান। এই ফাস্ট-বোলারের কথায়, ‘আমার মনে হয় প্রথম উইকেটটাই। হ্যারি ব্রুকের উইকেটটা দারুণ ছিল। প্রথম উইকেট পাওয়ার পর কাঁধ থেকে অনেকটা চাপ নেমে যায়। তাই ওই মুহূর্তটা সত্যিই অসাধারণ ছিল।’ অভিষেকের আগে এবং ম্যাচের শুরুতে কিছুটা স্নায়ুর চাপেও ভুগছিলেন বলে জানিয়েছেন এই তরুণ পেসার। তবে প্রথম বলটি করার পরই ধীরে ধীরে স্বাভাবিক ছন্দ ফিরে পান তিনি। বিয়ার্ডম্যান বলেন, ‘শুরুর দিকে বেশ নার্ভাস ছিলাম। প্রথম বলটা করার সময় একটু চিন্তাও হচ্ছিল। তবে একবার প্রথম বলটা করে ফেলার পর সবকিছু অনেকটাই স্বাভাবিক মনে হতে শুরু করে।’ পাশাপাশি অস্ট্রেলিয়া দলের পরিবেশ এবং নেতৃত্বেরও প্রশংসা করেছেন তিনি। সতীর্থদের সহযোগিতা ও অধিনায়কের নেতৃত্ব তাঁকে চাপ সামলাতে সাহায্য করেছে বলে জানান বিয়ার্ডম্যান। তাঁর কথায়, ‘দল হিসেবে আমরা দারুণ। এমন একটা দলের সঙ্গে থাকতে পারা সত্যিই সৌভাগ্যের। আর বিসন (অধিনায়ক) অসাধারণ নেতা। ওর নেতৃত্বে অনেকটাই চাপমুক্ত থাকতে পেরেছি। এই দলের সঙ্গে এমন একটা অভিষেক করতে পেরে আমি ভাগ্যবান।’
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
