খবর অনলাইন ডেস্ক: প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে সনিয়া গান্ধীর মন্তব্যের কড়া জবাব দিলেন তাঁর মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। বাবার প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছেকে সমর্থন করে তাঁর প্রশ্ন, রাজনৈতিক জীবনে দীর্ঘ অভিজ্ঞতা, প্রশাসনিক দক্ষতা এবং অসাধারণ মেধা থাকা সত্ত্বেও কোনো নেতার প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা থাকলে তাতে ভুল কোথায়? বিশেষ করে সেই আকাঙ্ক্ষার কথা প্রকাশ করলে সনিয়া গান্ধীর ‘হতবাক’ হওয়ার কী আছে?
সারা বিশ্বে মঙ্গলবার প্রকাশিত হয়েছে সনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’। সেই বইয়ে ২০১০ সালে প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে একটি কথোপকথনের প্রসঙ্গ তুলে ধরেছেন তিনি। সনিয়া লিখেছেন, প্রণব তাঁকে বলেছিলেন, সম্ভবত এবার নেতৃত্বের শীর্ষস্তরে পরিবর্তনের সময় এসেছে। সনিয়ার কথায়, এই প্রস্তাবে তিনি ‘হতবাক’ হয়েছিলেন। তাঁর মনে হয়েছিল, প্রধানমন্ত্রী হওয়ার দীর্ঘদিনের ইচ্ছের কথাই ইঙ্গিতে বুঝিয়ে দিতে চেয়েছিলেন প্রণব।
– বিজ্ঞাপন –
সনিয়ার এই মন্তব্যের পরেই সমাজমাধ্যমে প্রতিক্রিয়া জানান শর্মিষ্ঠা। তিনি লেখেন, “এতে ‘হতবাক’ হওয়ার কী আছে? উচ্চাকাঙ্ক্ষী হওয়া কি অপরাধ? বিশেষ করে যখন সেই আকাঙ্ক্ষার পিছনে রয়েছে রাজনীতি ও প্রশাসনে কয়েক দশকের অভিজ্ঞতা, কঠোর পরিশ্রম এবং অসাধারণ মেধা?”
বাবার সঙ্গে কথোপকথনের প্রসঙ্গ তুললেন শর্মিষ্ঠা
বাবার সঙ্গে নিজের একটি কথোপকথনের কথাও তুলে ধরেছেন শর্মিষ্ঠা। তিনি জানান, একবার বাবাকে সরাসরি প্রশ্ন করেছিলেন, তিনি প্রধানমন্ত্রী হতে চান কি না। উত্তরে প্রণব অকপটে জানিয়েছিলেন, নিজের যোগ্যতা সম্পর্কে সচেতন যে কোনো রাজনীতিকেরই এমন আকাঙ্ক্ষা থাকে।
শর্মিষ্ঠার বক্তব্য, সাধারণ পরিবার থেকে উঠে এসে নিজের যোগ্যতা ও কঠোর পরিশ্রমের জোরেই প্রণব মুখোপাধ্যায় জীবনে এতটা সাফল্য অর্জন করেছিলেন। বংশগত রাজনৈতিক অধিকার বা পারিবারিক পরিচয়ের সুবাদে কেউ তাঁকে প্রধানমন্ত্রী-সহ কোনো গুরুত্বপূর্ণ পদ উপহার দেয়নি।
তাঁর কটাক্ষ, “কোনো যোগ্য ব্যক্তি যদি প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেন, তাতে ভুল কোথায়? নাকি গান্ধী-নেহরু পরিবারের বাইরের কেউ প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখার সাহস করেছেন এবং সেই ইচ্ছের কথা সনিয়া গান্ধীকে ইঙ্গিতে জানিয়েছেন, সেটাই তাঁকে ‘হতবাক’ করেছে?”
হতাশ হলেও প্রণব অসন্তুষ্ট হননি: সনিয়া
স্মৃতিকথায় সনিয়া জানিয়েছেন, প্রণবের মুখে নেতৃত্বের শীর্ষস্তরে পরিবর্তনের কথা শুনে তিনি প্রসঙ্গ বদলে দিয়েছিলেন। তবে প্রণব কখনও এই ঘটনায় তাঁর উপর অসন্তোষ প্রকাশ করেননি। সনিয়ার কথায়, তিনি বিষয়টি এড়িয়ে অন্য প্রসঙ্গে চলে যান। প্রণব হয়তো কিছুটা হতাশ হয়েছিলেন, কিন্তু কখনও তাঁকে বুঝতে দেননি যে এই ঘটনায় তিনি অসন্তুষ্ট।
সনিয়ার এই বক্তব্যের সঙ্গেও একমত শর্মিষ্ঠা। তিনি বলেন, বাবার ডায়েরি এবং তাঁর সঙ্গে হওয়া কথোপকথন থেকে তাঁর মনে হয়েছে, প্রণব সনিয়া বা অন্য কারও উপর কোনও ক্ষোভ পুষে রাখেননি।
শর্মিষ্ঠার কথায়, “বাবা ছিলেন বাস্তববাদী মানুষ। তাঁর গভীর উপলব্ধি ছিল। সনিয়ার নিজের কিছু কারণ ও নিরাপত্তাহীনতা থাকতে পারে, যা প্রত্যেক মানুষের মধ্যেই কমবেশি থাকে। বাবা তা বুঝতেন। তাই তিনি বিষয়টি নিয়ে কোনো ক্ষোভ রাখেননি।”
স্মৃতিকথায় সনিয়া আরও উল্লেখ করেছেন, ২০১২ সালে কংগ্রেস প্রণব মুখোপাধ্যায়কে রাষ্ট্রপতি নির্বাচনে সংযুক্ত প্রগতিশীল জোটের প্রার্থী করেছিল। দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নির্বাচিত হয়েছিলেন তিনি। সনিয়া জানিয়েছেন, প্রণবের সঙ্গে তিনি প্রায়ই দেখা করতেন। মূলত তাঁর জ্ঞান ও রাজনৈতিক অভিজ্ঞতা থেকে নানা বিষয় জানতেই এই সাক্ষাৎ হত।
প্রণবের প্রশংসায় সনিয়া
প্রণবের অসাধারণ স্মৃতিশক্তি ও জ্ঞানের প্রশংসাও করেছেন সনিয়া। তাঁর কথায়, কংগ্রেসের দীর্ঘ ইতিহাস নিয়ে যে কোনো প্রশ্নের উত্তর প্রণবের কাছে পাওয়া যেত। বিশ্ব ইতিহাস, আন্তর্জাতিক পরিস্থিতি এবং দর্শন নিয়েও তাঁর জ্ঞান ছিল গভীর। তবে কখনও কখনও তিনি এতটাই মেজাজ হারাতেন যে, রাগে তাঁর মুখ লাল হয়ে যেত।
প্রণব মুখোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষার প্রসঙ্গে সনিয়া আরও লিখেছেন, ১৯৮৪ সালে রাজীব গান্ধী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রণবের মনে হয়েছিল, তাঁকে উপেক্ষা করা হয়েছে। সেই সময় তিনি কংগ্রেস ছেড়ে নিজের দলও গঠন করেছিলেন। ১৯৮৯ সালে আবার কংগ্রেসে ফিরে আসেন। তবে প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা তাঁর কখনও হারিয়ে যায়নি।
সনিয়ার বক্তব্য, কংগ্রেসের একাধিক সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব সামলালেও প্রণব মনে করতেন, রাজনৈতিক অভিজ্ঞতা ও দলের মধ্যে তাঁর জ্যেষ্ঠতার কারণে প্রধানমন্ত্রী হওয়ার স্বাভাবিক দাবিদার তিনি। সেই আকাঙ্ক্ষা তাঁর মনের গভীরে সবসময়ই ছিল।
