খবর অনলাইন ডেস্ক: বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে যাত্রীদের জন্য তৎকাল কোটার কোনো ব্যবস্থা রাখছে না ভারতীয় রেল। ফলে এই ট্রেনে যাতায়াতের জন্য তৎকাল প্রকল্পে টিকিট কাটার সুযোগ পাবেন না যাত্রীরা। শুধুমাত্র অগ্রিম সংরক্ষণের সময়সীমার (এআরপি) মধ্যেই সাধারণ কোটায় টিকিট বুক করতে হবে। বেশি সংখ্যক যাত্রী যাতে আগে থেকে তাঁদের যাত্রার পরিকল্পনা করে আসন সংরক্ষণ করতে পারেন, সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে রেল।
বর্তমানে দেশের বিভিন্ন রুটে মোট তিন জোড়া বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেন চালু রয়েছে। সেগুলি হল—
– বিজ্ঞাপন –
১। ট্রেন নম্বর ২৭৫৭৫/২৭৫৭৬ — হাওড়া-কামাখ্যা-হাওড়া বন্দে ভারত স্লিপার।
২। ট্রেন নম্বর ২৭৪২১/২৭৪২২ — বারাণসী-নয়াদিল্লি-বারাণসী বন্দে ভারত স্লিপার।
৩। ট্রেন নম্বর ২৭৬৫১/২৭৬৫২ — এসএমভিটি বেঙ্গালুরু-সিএসএমটি মুম্বই-এসএমভিটি বেঙ্গালুরু বন্দে ভারত স্লিপার।
বিষয়টি নিশ্চিত করেছেন উত্তর-মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (সিপিআরও) ডঃ শিবম শর্মা। ইন্ডিয়ানএক্সপ্রেস ডট কমকে তিনি জানিয়েছেন, বন্দে ভারত স্লিপার ট্রেনে তৎকাল কোটা রাখা হয়নি। তাঁর কথায়, “আরও বেশি সংখ্যক যাত্রী যাতে আগে থেকে তাঁদের যাত্রার পরিকল্পনা করতে পারেন, সেই সুবিধার জন্যই বন্দে ভারত স্লিপারে তৎকাল কোটা নেই। সাধারণ কোটায় সব আসন সংরক্ষণের জন্য খোলা রাখা হয়েছে, যাতে বেশি সংখ্যক যাত্রী আগে থেকে পরিকল্পনা করে সুবিধা নিতে পারেন।”
বিজ্ঞাপন
বিইএমএল এই ট্রেন তৈরি করেছে। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরির (আইসিএফ) প্রযুক্তি ব্যবহার করে তৈরি এই আধুনিক আধা-দ্রুতগতির ট্রেনের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৮০ কিলোমিটার। মোট ১৬টি কোচ রয়েছে ট্রেনটিতে। এর মধ্যে ১১টি এসি থ্রি-টিয়ার, চারটি এসি টু-টিয়ার এবং একটি ফার্স্ট এসি কোচ।
সব মিলিয়ে বন্দে ভারত স্লিপারে যাত্রী ধারণক্ষমতা ৮২৩। এর মধ্যে এসি থ্রি-টিয়ারে ৬১১ জন, এসি টু-টিয়ারে ১৮৮ জন এবং ফার্স্ট এসিতে ২৪ জন যাতায়াত করতে পারবেন।
শুধু তৎকাল টিকিট নয়, এই ট্রেনে ওঠার ক্ষেত্রেও রয়েছে কড়া নিয়ম। রেল বোর্ডের নির্দেশ অনুযায়ী, শুধুমাত্র নিশ্চিত টিকিট থাকা যাত্রীরাই বন্দে ভারত স্লিপার ট্রেনে উঠতে পারবেন। আরএসি (রিজার্ভেশন এগেনস্ট ক্যানসেলেশন), ওয়েটিং লিস্টে থাকা কিংবা আংশিক নিশ্চিত টিকিটধারীদের ট্রেনে ওঠার অনুমতি দেওয়া হবে না।

কামরার ভিতরের ছবি Ministry of Railways ‘X’ থেকে নেওয়া।
বন্দে ভারত স্লিপারে টিকিট বাতিলের নিয়ম
যাত্রার পরিকল্পনা বদলে গেলে টিকিট বাতিলের ক্ষেত্রেও যাত্রীদের কয়েকটি নিয়ম মেনে চলতে হবে। বিশেষ করে যাত্রার একেবারে শেষ মুহূর্তে টিকিট বাতিল করলে কোনও টাকা ফেরত পাওয়া যাবে না। রেল বোর্ডের নিয়ম অনুযায়ী, নিশ্চিত টিকিট বাতিল করলে নির্দিষ্ট হারে ভাড়া কেটে বাকি টাকা ফেরত দেওয়া হবে।
নিয়মগুলি হল—
1. ট্রেন ছাড়ার নির্ধারিত সময়ের ৭২ ঘণ্টার বেশি আগে টিকিট বাতিল করলে মোট ভাড়ার ২৫ শতাংশ কাটা হবে। বাকি টাকা ফেরত পাবেন যাত্রী।
2. ট্রেন ছাড়ার ৭২ ঘণ্টা থেকে ৮ ঘণ্টা আগে পর্যন্ত টিকিট বাতিল করলে মোট ভাড়ার ৫০ শতাংশ কাটা হবে। বাকি টাকা ফেরত দেওয়া হবে।
3. ট্রেন ছাড়ার ৮ ঘণ্টার কম সময় আগে টিকিট বাতিল করলে কোনও টাকা ফেরত দেওয়া হবে না।
অর্থাৎ, বন্দে ভারত স্লিপারে যাত্রার পরিকল্পনা করার সময় যাত্রীদের আগে থেকেই টিকিট কাটতে হবে। পাশাপাশি, কোনো কারণে যাত্রা বাতিল করতে হলে নির্ধারিত সময়সীমার মধ্যেই টিকিট বাতিল করা জরুরি। নইলে পুরো ভাড়াই খোয়া যেতে পারে।
