কলকাতা থেকে হাজার মাইল দূরে নিউইয়র্কের প্রাণকেন্দ্র টাইমস স্কোয়ারে ফের মিলবে বাঙালির শারদোৎসবের আবহ। ১০ ও ১১ অক্টোবর, শনিবার ও রবিবার, ফাদার ডাফি স্কোয়ারে অনুষ্ঠিত হবে দু’দিনের মহালয়া ও দুর্গোৎসব। ‘মহামিলন ২০২৬’ নামের এই আয়োজনের দ্বিতীয় বছরে পুজো, গান, নাচ ও নানা সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে বিশ্বের দরবারে বাঙালির ঐতিহ্য ও সম্প্রীতির বার্তা তুলে ধরার পরিকল্পনা করেছে টাইমস স্কোয়ার দুর্গোৎসব অ্যাসোসিয়েশন।

আয়োজকদের প্রকাশিত সূচি অনুযায়ী, শনিবার পুজো ও পুষ্পাঞ্জলির পাশাপাশি থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। মহালয়ার আবহে চণ্ডীপাঠ ও দেবীবন্দনার আয়োজনও উৎসবের অন্যতম আকর্ষণ। রবিবার পুজোর পর্বের সঙ্গে থাকছে সিঁদুরখেলা, ধুনুচি নাচ এবং সংগীত ও নৃত্য পরিবেশনা। ভারত, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র-সহ বিভিন্ন দেশের শিল্পী ও সংস্কৃতিপ্রেমীদের অংশগ্রহণে এই আয়োজন আন্তর্জাতিক সাংস্কৃতিক মিলনমেলার রূপ নেবে।

– বিজ্ঞাপন –

এবারের উৎসবে যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে দুর্গাপুজো ও বাঙালি সংস্কৃতির প্রসারে ভূমিকা রাখা ছ’টি সংগঠনকে সম্মান জানানোর পরিকল্পনা রয়েছে। তালিকায় রয়েছে ক্যালিফোর্নিয়ার বে এরিয়া প্রবাসী, ইলিনয়ের বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ গ্রেটার শিকাগো, ওহাইওর বেঙ্গলি কালচারাল সোসাইটি, নিউইয়র্কের ইস্ট কোস্ট দুর্গাপুজো অ্যাসোসিয়েশন, নিউ জার্সির কল্লোল এবং পেনসিলভানিয়ার প্রগতি।

উৎসব উপলক্ষে প্রকাশিত হচ্ছে বিশেষ স্মরণিকা ‘টাইমস স্কোয়ার শারদীয়া ২০২৬’। এতে দুর্গাপুজোর ইতিহাস, মহালয়ার তাৎপর্য, ভারত ও বাংলাদেশে শারদোৎসবের ঐতিহ্য এবং আমেরিকায় প্রবাসী বাঙালিদের সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে বাংলা ও ইংরেজিতে লেখা প্রকাশের কথা রয়েছে। স্মরণিকাটি সম্পাদনা করেছেন বিশ্বজিৎ সাহা।

আয়োজকদের লক্ষ্য, ধর্ম, ভাষা ও ভৌগোলিক সীমানা পেরিয়ে বাঙালির উৎসবকে সকলের কাছে পৌঁছে দেওয়া। বিশ্বের অন্যতম পরিচিত জনসমাগমস্থল টাইমস স্কোয়ারে এই আয়োজন প্রবাসে বাঙালির সাংস্কৃতিক পরিচয় তুলে ধরার পাশাপাশি নতুন প্রজন্মের সঙ্গে শিকড়ের যোগ আরও দৃঢ় করবে বলেই তাঁদের আশা।

তথ্যসূত্র ও ছবি আজকাল.ইন



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *