ছবির উৎস, Getty Images
Published
পড়ার সময়: ৩ মিনিট
হিন্দি সিনেমার অভিনেতা নানা পাটেকর ৭৫ বছর বয়সে মারা গেছেন। বৃহস্পতিবার সকালে গোয়া রাজ্যে তার মৃত্যু হয়।
বিবিসি মারাঠির সহযোগী সাংবাদিক প্রাচী প্রতিভা শিরীষকে নানা পাটেকরের ছেলে মলহার পাটেকর তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ভোরে গোয়ায় নিজের বাসভবনে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর নানা পাটেকরের মৃত্যু হয়।
৭৫ বছর বয়সী এই অভিনেতাকে পানাজির কাছের ডোনা পাউলায় অবস্থিত তার অ্যাপার্টমেন্টে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালের সিনিয়র চিকিৎসক ডা. শেখর সালকার জানিয়েছেন, টানা ৪৫ মিনিট সিপিআর দেওয়ার পরও মি. পাটেকরকে বাঁচানো যায়নি।
ছবির উৎস, Gareth Cattermole/Getty Images for DIFF
বিশাল ভরদ্বাজের ছবিতে শেষ অভিনয়
নানা পাটেকরের মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে সিনিয়র সাংবাদিক রাজদীপ সারদেশাই লিখেছেন, “একজন অসাধারণ অভিনেতা, কিন্তু তার চেয়েও বড় কথা, একজন প্রিয় বন্ধু, নানা পাটেকর আর নেই। কিছুক্ষণ আগে গোয়ায় তার মৃত্যু হয়েছে। গতকালই তার সঙ্গে আমার কথা হয়েছিল। তার শেষ কথা ছিল, ‘কালজি ঘে রাজা’ (নিজের যত্ন নিও, রাজা)।”
“পর্দায় এবং পর্দার বাইরে, আপনাকে খুব মিস করব নানা সাহেব। ভালো সময়, খারাপ সময়, সবসময়ই আপনি আমার পাশে ছিলেন। ওম শান্তি।”
নানা পাটেকরকে সর্বশেষ দেখা গিয়েছিল বিশাল ভরদ্বাজ পরিচালিত রোমান্টিক অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র ও’ রোমিও-তে। এতে প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন শহিদ কাপুর ও তৃপ্তি ডিমরি।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়া এই চলচ্চিত্রে মি. পাটেকর মুম্বাই ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধান ইসমাইল খানের চরিত্রে অভিনয় করেছিলেন।
ছবির উৎস, Getty Images
ফিল্মের জগতে নানা পাটেকরের যাত্রা
নানা পাটেকর ছিলেন হিন্দি ও মারাঠি সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা।
কয়েক দশকজুড়ে পরিন্দা, প্রহার: দ্য ফাইনাল অ্যাটাক, ক্রান্তিবীর, অগ্নি সাক্ষী, খামোশি: দ্য মিউজিক্যাল, আব তক ছাপ্পান এবং ওয়েলকামের মতো বহু ছবিতে তিনি অভিনয় করেছেন।
অভিনয়ের পাশাপাশি মি. পাটেকর ‘প্রহার: দ্য ফাইনাল অ্যাটাক’ চলচ্চিত্রটি পরিচালনাও করেছিলেন। সিনেমা ও শিল্পকলায় অবদানের জন্য ২০১৩ সালে তাকে ভারত সরকার পদ্মশ্রী সম্মানে ভূষিত করে।
১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘গমন’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক হয় নানা পাটেকরের। ২০০০-এর দশকের শুরুতে তার অভিনয় ব্যাপক প্রশংসা পায়, বিশেষ করে শক্তি: দ্য পাওয়ার (২০০২), অব তক ছাপ্পান (২০০৪), অপহরণ (২০০৫) এবং ট্যাক্সি নম্বর ৯২১১ (২০০৬) চলচ্চিত্রে।
২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত কমেডি চলচ্চিত্র ওয়েলকাম-এ গ্যাংস্টার উদয় শেঠির চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করে নেন। ওয়েলকাম ব্যাক (২০১৫) সিক্যুয়েলেও তিনি একই চরিত্রে অভিনয় করেছিলেন।
কমেডি থ্রিলার হাউসফুল ৫-এও পাটেকর একটি সহ-ভূমিকায় অভিনয় করেছিলেন।
২০১০ সালে তিনি রাজনৈতিক থ্রিলার ‘রাজনীতি’ ছবিটিতে অভিনয় করেন। এ ছবির জন্য তিনি সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে পঞ্চমবারের মতো ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন পেয়েছিলেন।
অভিনয়ের পাশাপাশি প্লেব্যাক গায়ক হিসেবেও কণ্ঠ দিয়েছেন মি. পাটেকর। যশবন্ত (১৯৯৭), ওজুদ (১৯৯৮) এবং আঁচ (২০০৩) চলচ্চিত্রে তিনি গায়ক হিসেবেও অবদান রেখেছিলেন।
ছবির উৎস, AFP via Getty Images
অভিনেত্রীকে হেনস্তার অভিযোগ
বাঙালি অভিনেত্রী তনুশ্রী দত্ত ২০১৮ সালে অভিযোগ করেছিলেন ২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ সিনেমার সেটে মি. পাটেকরসহ আরও কয়েকজন তাকে হেনস্তা করেন। তার সঙ্গে সেটেই অশ্লীল আচরণ করা হয় বলেও অভিযোগ করে এফআইআর দায়ের করেন ওই অভিনেত্রী।
নানা পাটেকরের বিরুদ্ধে এই মি-টু অভিযোগ নিয়ে বলিউডে শোরগোল পড়ে যায়। অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে মামলা আদালত পর্যন্ত গড়ায়।
তবে তদন্তের পর ২০১৯-এ মুম্বাই পুলিশ আদালতে জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে কোনো অপরাধমূলক ঘটনার প্রমাণ পাওয়া যায়নি। তারা দাবি করে যে অভিনেত্রী মিথ্যা এফআইআর দায়ের করেছেন।
মিজ দত্ত পাল্টা আবেদন করলেও মামলার রায় নানা পাটেকরের পক্ষেই গিয়েছিল। আদালত মামলা খারিজ করে দেয়।
