শিয়ালদহ স্টেশনে চুরি চক্রের ধৃত ৪ জন।Image Credit: TV9 বাংলা

 কলকাতা: আর কটা দিন পরই বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। এই সময়ে হাওড়া, শিয়ালদহের মতো স্টেশনগুলিতে ব্যস্ততা প্রচুর। কেউ ঘরে ফিরছেন, কেউ আবার রুজিরুটির টানে শহরে আসছেন বা বাইরে যাচ্ছেন। ব্যস্ত শিয়ালদহে বেশ কয়েকদিন ধরেই চোরের উপদ্রব বেড়েছিল। যাত্রীদের দামি মোবাইল থেকে শুরু করে অন্যান্য সামগ্রী চুরি যাচ্ছিল। আরপিএফ ছদ্মবেশে অভিযান চালাতেই মিলল বিরাট সাফল্য। আরপিএফের হাতে গ্রেফতার চারজন। উদ্ধার হল মোবাইল, ওয়ালেট সহ মোট ১ লক্ষ ৪৬ হাজার টাকার সামগ্রী।

শিয়ালদহ স্টেশনে যাত্রীদের জিনিসপত্র চুরির রুখতে বড়সড় অভিযান চালায় পূর্ব রেলের আরপিএফের ক্রাইম ইন্টেলিজেন্স ব্রাঞ্চ (Crime Intelligence Branch) বা সিআইবি (CIB)। যাত্রীদের সম্পত্তি চুরির অভিযোগে চার সদস্যের একটি চক্রকে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে তিনটি দামি মোবাইল ফোন এবং একটি ওয়ালেট-সহ মোট প্রায় ১ লক্ষ ৪৬ হাজার টাকার সামগ্রী উদ্ধার হয়েছে।

কীভাবে অভিযান চালানো হল?

গত মঙ্গলবার, ৬ অক্টোবর রাতে শিয়ালদহ দক্ষিণ শাখার ১৫ ও ১৬ নম্বর প্ল্যাটফর্মের সামনের কনকোর্স এলাকায় অভিযান চালায় আরপিএফ সিআইবি। যাত্রীদের জিনিস চুরির সাম্প্রতিক ঘটনা সম্পর্কে পাওয়া তথ্যের ভিত্তিতে নজরদারি চালাচ্ছিলেন আরপিএফ আধিকারিকরা। ছদ্মবেশেই ছিলেন তাঁরা।

রাত প্রায় ৮টা ৪০ মিনিট নাগাদ চার সন্দেহভাজনকে আটক করেন এসআই(SI) মনীশ কুমার, হেড কন্সটেবল আরশাদ আলি এবং অভিজিৎ বাগ। রেল চত্বরে ধৃতরা কেন ঘোরাফেরা করছিল, তার উপস্থিতির সন্তোষজনক কারণ দেখাতে না পারায়, স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে উদ্ধার হয় একটি নীল রঙের স্যামসাং গ্যালাক্সি এ১২ (Samsung Galaxy A12), একটি রোজ রেড রঙের ভিভো ওয়াই৩১ (Vivo Y31 5G) ও একটি সাদা রঙের অ্যাপেল আইফোন এক্সআর (Apple iPhone XR)। এছাড়াও একটি বাদামি ওয়ালেট পাওয়া যায়।

প্রথমে ধৃতরা আরপিএফ-কে বিভ্রান্ত করার চেষ্টা করে। তবে তাঁদের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইলগুলি আনলক করতে বললে, তারা তা আনলক-ও করতে পারেনি। পরে জিজ্ঞাসাবাদে তাঁরা শিয়ালদহ স্টেশনে ওই দিনই যাত্রীদের কাছ থেকে সামগ্রীগুলি চুরি করার কথা স্বীকার করে বলে আরপিএফ-এর দাবি।

পুরো তল্লাশি ও বাজেয়াপ্তের প্রক্রিয়া ভিডিয়ো রেকর্ড করা হয়। প্রয়োজনীয় আইনি ও চিকিৎসা সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করার পর চার অভিযুক্ত এবং উদ্ধার হওয়া সামগ্রী শিয়ালদহ জিআরপিএস (GRPS)-এর হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনায় ভারতীয় ন্যয় সংহিতার (BNS) ৩০৩(২)/৩১৭(২) ধারায় মামলা রুজু হয়েছে।

এই অভিযান শিয়ালদহ স্টেশনে যাত্রীদের নিরাপত্তা এবং তাঁদের মূল্যবান সামগ্রী সুরক্ষায় আরপিএফের তৎপরতারই প্রমাণ।  রেল চত্বরে সক্রিয় সংগঠিত চুরি চক্রের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে আরপিএফ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *