খবর অনলাইন ডেস্ক: সঙ্গীতজীবনের ২০ বছর পূর্তি উপলক্ষে ২০২৭ সালে ভারত জুড়ে বড়োসড়ো সংগীতসফরের পরিকল্পনা করেছেন গায়ক অরিজিৎ সিংহ। দেশের ৯টি শহরে কনসার্ট করবেন তিনি। জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত চলবে এই সফর, যা এখনও পর্যন্ত অরিজিতের সবচেয়ে বড়ো স্বদেশসফর হতে চলেছে।

অরিজিতের এই সফরের তালিকায় রয়েছে অহমদাবাদ, চণ্ডীগড়, জয়পুর, মুম্বই, বেঙ্গালুরু, নয়াদিল্লি, পুণে, ইন্দৌর এবং হায়দরাবাদ। তাঁর জনপ্রিয় গানগুলির পাশাপাশি দর্শকদের জন্য থাকবে বিশেষ লাইভ পারফরম্যান্স।

– বিজ্ঞাপন –

আগামী ৯ জানুয়ারি অহমদাবাদ দিয়ে সফর শুরু করবেন অরিজিৎ। এর পর ২৩ জানুয়ারি চণ্ডীগড় এবং ৭ ফেব্রুয়ারি জয়পুরে গান গাইবেন তিনি। ২০ ফেব্রুয়ারি মুম্বই, ১৩ মার্চ বেঙ্গালুরু এবং ২৭ মার্চ নয়াদিল্লিতে হবে তাঁর কনসার্ট। এর পর ১০ এপ্রিল পুণে, ১ মে ইন্দৌর এবং ১৫ মে হায়দরাবাদে পারফর্ম করবেন অরিজিৎ।

এই সফরে অরিজিতের বহু জনপ্রিয় গান শোনার সুযোগ পাবেন দর্শকরা। তালিকায় রয়েছে ‘তুম হি হো’, ‘আগর তুম সাথ হো’ এবং ‘বিদা করো’-র মতো গান। এর পাশাপাশি তাঁর দীর্ঘ সঙ্গীতজীবনের আরও বেশ কিছু জনপ্রিয় গানও পরিবেশন করবেন তিনি।

কী বললেন অরিজিৎ

সঙ্গীতজীবনের এই বিশেষ মাইলফলক নিয়ে অরিজিৎ বলেন, ২০ বছরের সঙ্গীতযাত্রার জন্য তিনি অত্যন্ত কৃতজ্ঞ। তাঁর মতে, এই যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল শ্রোতারা, যাঁরা তাঁর গানগুলিকে নিজেদের মতো করে বাঁচিয়ে রেখেছেন। ভারতের বিভিন্ন প্রান্তে গিয়ে শ্রোতাদের সঙ্গে সরাসরি সেই ভালোবাসা ভাগ করে নেওয়ার জন্য তিনি মুখিয়ে রয়েছেন বলেও জানান গায়ক।

টিম ইনোভেশন এই সফরের প্রযোজনা ও প্রচারের দায়িত্বে রয়েছে। টিকিট বিক্রি হবে শুধুমাত্র থাম্পএন-এর মাধ্যমে। কনসার্টগুলিকে বড়ো মাপের স্টেডিয়াম প্রোডাকশন হিসেবে সাজানো হচ্ছে। থাকবে বহুস্তরীয় মঞ্চ এবং লম্বা রানওয়ে, যার মাধ্যমে অরিজিৎ স্টেডিয়ামের বিভিন্ন অংশের দর্শকদের আরও কাছাকাছি পৌঁছোতে পারবেন।

বিজ্ঞাপন

সফরতালিকায় কলকাতা নেই কেন?

কিন্তু তাঁর এই সফরতালিকায় তাঁর নিজের রাজ্যের শহর কলকাতা নেই কেন? প্রশ্ন তুলেছেন অরিজিৎ-ভক্তরা। কলকাতা বা তাঁর নিজের রাজ্য পশ্চিমবঙ্গের অন্য কোনও শহরে কেন অনুষ্ঠান করছেন না অরিজিৎ? তবে অনুরাগীদের অনেকেই মনে করছেন, কলকাতা নিয়ে নিশ্চয়ই কোনও বিশেষ চমক আছে। তাই এই তালিকায় কলকাতার নাম নেই। উল্লেখ্য, প্লেব্যাক গায়ক হিসাবে আর কোনও কাজ করবেন না, এ কথা ঘোষণা করার কিছু দিন পরে কলকাতায় অনুষ্কাশঙ্করের অনুষ্ঠানেমঞ্চে উপস্থিত হয়েছিলেন অরিজিৎ। দু’জনের যুগলবন্দিতে মুগ্ধ হয়েছিলেন অনুরাগীরা। তবে নিজের একক অনুষ্ঠান দেশে আর করেননি। শোনা যাচ্ছিল, আবার মঞ্চের অনুষ্ঠান করবেন ২০২৭ সালে। সেই কথামতোই ফের আগামী বছরে মঞ্চে শোনা যাবে অরিজিতের গান।

‘ফেম গুরুকুল’ থেকে পরিচিতি অরিজিতের

২০০৫ সালে রিয়্যালিটি শো ‘ফেম গুরুকুল’-এ যোগ দেওয়ার পর অরিজিৎ সিংহ পরিচিতি পেতে শুরু করেন। পরবর্তী কালে হিন্দি চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী হয়ে ওঠেন তিনি। ‘গেরুয়া’, ‘চন্না মেরেয়া’, ‘কেসরিয়া’, ‘আপনা বনা লে’, ‘চলেয়া’, ‘সজনি’ এবং ‘গেহরা হুয়া’-র মতো গান তাঁর জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে দিয়েছে।

২০২৭ সালের এই সফরের মাধ্যমে ২০ বছরের সঙ্গীতযাত্রাকে শ্রোতাদের সঙ্গে নতুনভাবে উদ্‌যাপন করতে চলেছেন অরিজিৎ সিং।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *