বরানগরে একটি পুকুর ভরাট করা হচ্ছে বলে কিছুদিন আগেই সমাজমাধ্যমে সরব হয়েছিলেন বিজেপি নেতা রাজীব মিশ্র। সেই অভিযোগের রেশ কাটতে না কাটতেই এবার তাঁর বিরুদ্ধেই ওই পুকুরের মালিকের কাছ থেকে দু’লক্ষ টাকা চাওয়ার অভিযোগ উঠল। শুধু তাই নয়, পুকুর পরিষ্কারের কাজে বাধা এবং বিষ দিয়ে মাছ মেরে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। বিজেপি নেতার বিরুদ্ধে বরানগর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
তালতলা মাঠের পিছনে রেডক্রস সংলগ্ন ওই পুকুরের মালিক জয়ন্ত ঘোষের অভিযোগ, পুরসভায় টাকা জমা দিয়ে তিনি পুকুর পরিষ্কারের কাজ করাচ্ছিলেন। গত ২৭ সেপ্টেম্বর কাজ চলাকালীন কয়েকজনকে নিয়ে সেখানে উপস্থিত হন রাজীব। শ্রমিকদের কাজে বাধা দেওয়ার পাশাপাশি মারধর এবং পুকুরে বিষ ঢেলে মাছ মেরে দেওয়ার অভিযোগও উঠেছে। পরে ফোনে দু’লক্ষ টাকা চাওয়া হয় বলেও অভিযোগ। জয়ন্তর দাবি, টাকা না দিলে কাজ করতে দেওয়া হবে না বলেও হুমকি দিয়েছিলেন বিজেপি নেতা।
আরও পড়ুন:
২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রুমা দত্ত বলেন, “পুরসভায় টাকা জমা দিয়েই পুকুর পরিষ্কারের কাজ চলছিল। এর বেশি কিছু বলতে পারব না।” বিধায়ক সজল ঘোষ বলেন, “বরানগরে কোনও পুকুর ভরাট হতে দেব না। তোলাবাজির বিরুদ্ধেও ব্যবস্থা হবে। এছাড়া স্বঘোষিত বিজেপিদের বিরুদ্ধে কিছু বলব না।” অন্যদিকে, সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছেন রাজীব। তাঁর দাবি, এর নেপথ্যে রয়েছে বড় ষড়যন্ত্র। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
