হাওড়া: ফের হাওড়া স্টেশনে (Howrah Station) উদ্ধার বিপুল পরিমাণ টাকা। মধ্যপ্রদেশ থেকে আসা এক ব্যক্তির ব্যাগ খুলেই আরপিএফ আধিকারিকদের চোখ কপালে। ব্যাগের ভিতর থেকে মেলে নগদ ৪৪ লক্ষ টাকা। ওই যাত্রীকে আটক করে আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে বিগত কয়েকদিনে হাওড়া স্টেশনে এই ঘটনা প্রথম নয়। বিভিন্ন ট্রেনে আসা যাত্রীদের কাছ থেকে গত কয়েকদিনে লক্ষ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। ওই সব টাকার কোনও নথি মেলেনি।
বৃহস্পতিবার হাওড়া স্টেশনের ১৭ নম্বর প্ল্যাটফর্মে ৪৪ লক্ষ টাকা নগদ সহ যাত্রীকে আটক করা হয়। যাত্রীর নাম রোহিত সিং। জানা গিয়েছে, তিনি ডাউন শিপ্রা এক্সপ্রেসে মধ্যপ্রদেশের বিদিশা থেকে হাওড়ায় এসেছিলেন। ট্রেনটি যখন হাওড়া স্টেশনে পৌঁছয়, তখন প্লাটফর্মে কর্তব্যরত আরপিএফ গোয়েন্দাদের ওই যাত্রীকে দেখে সন্দেহ হয়।
তাঁর ব্যাগ খুলে তল্লাশি চালানো হলে, নগদ ৪৪ লক্ষ টাকা উদ্ধার হয়। যদিও ওই টাকার সাপেক্ষে তিনি কোনও নথি দেখাতে পারেননি। জিজ্ঞাসাবাদে তিনি জানান, ওই টাকা কলকাতায় সোনা কেনার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনার পর খবর দেওয়া হয় আয়কর দফতরকে। আয়কর আধিকারিকরা নগদ টাকা উদ্ধার করে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যান।
সেপ্টেম্বর মাসের শেষের দিকে সুজিত কালে নামে মহারাষ্ট্রের এক বাসিন্দাকে আটক করে আরপিএফ। তাঁর কাছ থেকে নগদ প্রায় ৬৭ লক্ষ টাকা উদ্ধার হয়। দিনকয়েক আগে বন্দে ভারত এক্সপ্রেস থেকে হাওড়া স্টেশনে নামতে অপর একজনকে গ্রেফতার করা হয়। হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স থেকে তাঁকে গ্রেফতার করে আরপিএফ। তাঁর কাছ থেকে ২১ লক্ষ টাকা ও সোনা উদ্ধার করা হয়।
