শ্রীরামপুর: হাজার কর্মীকে নিয়ে সভা করতে হবে। কলকাতা হাইকোর্টের সেই নির্দেশ মেনেই শ্রীরামপুরে সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাইক হাতে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গীতেই মঞ্চে বক্তব্য রাখছিলেন তিনি। সেই সময় হঠাৎ কাটল তাল। মমতা একটু থেমে কর্মীদের আকাশের দিকে তাকাতে ইঙ্গিত দিলেন। তারপর হাসলেন। আর বললেন, “এই দেখুন…এই দেখুন ড্রোন ওড়াচ্ছে। নজর রাখছে।”

এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে বলছিলেন আজাদি নিয়ে। ঠিক সেই সময় তাঁর নজর যায় আকাশে। আঙুল উঁচিয়ে বলেন, “ওই দেখো ড্রোন উড়ছে। ঘুরে বেড়াচ্ছে। কে কে বসে আছে দেখছে। তারপর রাতে গ্রেফতার করবে। দেখুন দেখুন…।” এরপর হেসে হেসে বলেন, “ড্রোনের নৃত্য হচ্ছে। মাঠে শোকানোর লোক নেই। অথচ ড্রোনের নৃত্য হচ্ছে। আরে কার চোখকে ফাঁকি দিবি রে? আমি তো চালিয়ে এসেছি পনেরো বছর… আমি তো জানি কোথা থেকে কী হয়।”

এ দিন বারেবারে প্রাক্তন মুখ্যমন্ত্রী অভিযোগ করে বলেছেন, তাঁদের দলের কর্মী সমর্থকদের গ্রেফতার করা হচ্ছে। সভা-সমিতিতে যেতে দেওয়া হচ্ছে না। এও বলেছেন, ভোটের পর থেকে তাঁকে হাউজ অ্যারেস্ট করে রাখা হয়েছে। এমনকী, তাঁর বাড়িতেও নজর রাখা হয়। তিনি কোথায় যাচ্ছেন, কী করছেন সবটা নজরে রাখা হচ্ছে বলে দাবি করেছেন মমতা। আজ পুলিশকেও একহাত নিয়েছেন। বলেছেন, “মনে রাখবেন আজ ভ্যানিশ কুমারকে যেমন ধরেছি, যাঁরা অন্যায় করছে তাঁদের নাম রেকর্ড আছে। যখন ফাঁসবেন তখন বিজেপির লুম্পেনদের পাবে না। তখন আপনার চেয়ার ও পরিবার বিপদে পড়বে। এটা চাই না আমি।” এরই মধ্যে বক্তব্য চলাকালীন ড্রোনে নজর রাখা হচ্ছে বলে অভিযোগ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *