উত্তরপাড়ায় ফের গাড়ি উৎপাদনের উদ্যোগ। ইলেকট্রিক ভেহিকল বা EV তৈরির কারখানা গড়তে পশ্চিমবঙ্গ সরকারের কাছে ফের জমি চাইল হিন্দুস্তান মোটরস (HM)। যৌথ উদ্যোগে এই কারখানা তৈরির পরিকল্পনা রয়েছে সংস্থার। সোমবার রাজ্যের বাণিজ্য ও শিল্পমন্ত্রী তপস রায়ও বিষয়টি নিশ্চিত করেছেন।
তপস রায় জানিয়েছেন, হিন্দুস্তান মোটরসের প্রতিনিধিরা ইতিমধ্যেই তাঁর সঙ্গে একাধিকবার দেখা করে উত্তরপাড়ায় EV ইউনিট তৈরির প্রস্তাব দিয়েছেন। রাজ্য সরকার প্রস্তাবটি দ্রুততার সঙ্গে বিবেচনা করছে বলেও জানান তিনি।
– বিজ্ঞাপন –
ইউরোপ ও আমেরিকার দুই সংস্থার প্রস্তাব
হিন্দুস্তান মোটরস সূত্রে জানা গিয়েছে, EV প্রকল্পের জন্য সংস্থার হাতে দুটি সম্ভাব্য প্রস্তাব রয়েছে—একটি ইউরোপের একটি গাড়ি নির্মাতা সংস্থার কাছ থেকে এবং অন্যটি আমেরিকার একটি গাড়ি প্রস্তুতকারকের কাছ থেকে। উত্তরপাড়ায় জমি পাওয়া গেলে ওই দুই সংস্থার কোনও একটির সঙ্গে যৌথ উদ্যোগে EV কারখানা তৈরির বিষয়ে নির্দিষ্ট প্রস্তাব রাজ্য সরকারের কাছে দেওয়া হবে বলে সংস্থার সূত্র জানিয়েছে।
ফলে বহু বছর পর উত্তরপাড়ার ঐতিহাসিক গাড়ি কারখানায় ফের উৎপাদন শুরু করার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে জমি বরাদ্দ এবং প্রকল্পের চূড়ান্ত রূপ এখনও নির্ধারিত হয়নি।
১৯৪২ সালে শুরু, ২০১৪-তে বন্ধ Ambassador-এর কারখানা
হুগলির উত্তরপাড়ায় ১৯৪২ সালে কারখানা গড়ে তুলেছিল হিন্দুস্তান মোটরস। প্রায় ৭০০ একর জমির উপর তৈরি সেই কারখানা থেকেই দীর্ঘদিন Ambassador গাড়ি তৈরি হত। ২০১৪ সালে কারখানায় উৎপাদন অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়।
এর মধ্যে ২০০৯ সালে প্রায় ৩১৪ একর জমি শ্রীরাম প্রপার্টিজকে বিক্রি করে HM। পরে আরও প্রায় ১০০ একর জমি হিরানন্দানি গোষ্ঠীর কাছে যায়। অব্যবহৃত জমি এবং কারখানা পুনরুজ্জীবিত করার বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি না হওয়ার কথা উল্লেখ করে রাজ্য সরকার ২০২২ সালের নভেম্বরে প্রায় ৩৯৫ একর জমি পুনরুদ্ধার করে।
বিজ্ঞাপন
জমি নিয়ে আইনি লড়াই
রাজ্যের জমি পুনরুদ্ধারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছিল হিন্দুস্তান মোটরস। কলকাতা হাই কোর্টে সংস্থার আবেদন খারিজ হওয়ার পর বিষয়টি সুপ্রিম কোর্টে যায়। ২০২৫ সালের ১৬ জুলাই সুপ্রিম কোর্ট হিন্দুস্তান মোটরসের স্পেশাল লিভ পিটিশন খারিজ করে, ফলে ৩৯৫ একর জমি পুনরুদ্ধারের রাজ্যের সিদ্ধান্ত বহাল থাকে।
আদালতের নথি অনুযায়ী, ২০২২ সালে রাজ্য সরকার HM-কে প্রস্তাবিত EV প্রকল্পের জন্য জমির প্রয়োজনীয়তা ও প্রকল্পের বিস্তারিত পরিকল্পনা জমা দিতে বলেছিল। সংস্থার পক্ষ থেকেও ১২০ একর জমি একটি যৌথ উদ্যোগের সংস্থাকে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল।
আগেও হয়েছিল EV পরিকল্পনা
উত্তরপাড়ায় EV কারখানা তৈরির পরিকল্পনা অবশ্য এই প্রথম নয়। ২০২২ সালের মে মাসে হিন্দুস্তান মোটরস একটি ইউরোপীয় গাড়ি নির্মাতা সংস্থার সঙ্গে EV কারখানা তৈরির জন্য সমঝোতা করেছিল। পরে রাজ্য সরকার জমি পুনরুদ্ধার করার পর সেই MoU বাতিল হয়ে যায়।
এবার ফের উত্তরপাড়ায় জমি চেয়ে রাজ্যের কাছে প্রস্তাব দিয়েছে HM। প্রস্তাবটি বাস্তবায়িত হলে দীর্ঘদিন বন্ধ থাকা ঐতিহাসিক শিল্পাঞ্চলে নতুন করে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে প্রকল্পটি এখনও প্রস্তাবের পর্যায়েই রয়েছে।
সূত্র: টাইমস অফ ইন্ডিয়া
