নয়াদিল্লি: ₹২,০০০-এর বেশি মূল্যের নির্দিষ্ট UPI ব্যবসায়িক লেনদেনে ০.৪ শতাংশ Merchant Discount Rate (MDR) চালুর সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক বিতর্কের মধ্যেই বিদেশি প্রভাবের অভিযোগ খারিজ করল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। বুধবার মন্ত্রক জানায়, UPI সংক্রান্ত নীতিগত সিদ্ধান্ত কোনও বিদেশি চাপের কারণে নেওয়া হয়নি। ভারতের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে দীর্ঘমেয়াদে স্বনির্ভর ও টেকসই করতেই এই কাঠামো তৈরি করা হয়েছে।

কংগ্রেস-সহ বিরোধী দলের কয়েকজন নেতা অভিযোগ করেছেন, আমেরিকার চাপের কারণেই UPI লেনদেনে MDR চালু করা হচ্ছে। কেন্দ্র সেই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। অর্থ মন্ত্রকের বক্তব্য, UPI নীতির ক্ষেত্রে সিদ্ধান্ত ভারত নিজস্ব প্রয়োজন ও অগ্রাধিকারের ভিত্তিতেই নেয়।

– বিজ্ঞাপন –

কী বদলাচ্ছে UPI-তে?

নতুন কাঠামো অনুযায়ী, ১৫ অক্টোবর ২০২৬ থেকে ₹২,০০০-এর বেশি নির্দিষ্ট Person-to-Merchant (P2M) UPI লেনদেনে ০.৪ শতাংশ MDR প্রযোজ্য হবে। এই অর্থ গ্রাহকের কাছ থেকে নয়, ব্যবসায়ীর পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে নেওয়া হবে। ₹৭৫,০০০ বা তার বেশি লেনদেনের ক্ষেত্রে MDR-এর সর্বোচ্চ সীমা থাকবে ₹৩০০।

তবে সাধারণ গ্রাহকের Person-to-Person (P2P) লেনদেনে কোনও MDR থাকছে না। ₹২,০০০ পর্যন্ত অধিকাংশ ব্যবসায়িক UPI পেমেন্টও বিনামূল্যেই থাকবে। মাসে UPI QR-এর মাধ্যমে সর্বোচ্চ ₹১ লক্ষ সংগ্রহ করা ছোট ব্যবসায়ীরাও নির্দিষ্ট শর্তে MDR থেকে ছাড় পাবেন। কেন্দ্রের দাবি, এর ফলে প্রায় ৯৬ শতাংশ ব্যবসায়িক UPI লেনদেনেই কোনও প্রভাব পড়বে না

রেল, টেলিকম, বিমা, জ্বালানি-সহ কিছু প্রয়োজনীয় পরিষেবার ক্ষেত্রে ₹২,০০০-এর বেশি লেনদেনে ফ্ল্যাট ₹৫ MDR রাখা হয়েছে। মিউচুয়াল ফান্ড, সিকিউরিটিজ, স্টকব্রোকার ও ডিলারদের মতো ক্যাপিটাল মার্কেট লেনদেনে MDR হবে ০.০২ শতাংশ, সর্বোচ্চ ₹৩০০ পর্যন্ত।

কেন এই সিদ্ধান্ত?

অর্থ মন্ত্রকের বক্তব্য, UPI দ্রুত সম্প্রসারিত হওয়ায় পরিকাঠামো, সাইবার নিরাপত্তা, জালিয়াতি প্রতিরোধ ও প্রযুক্তিগত উন্নয়নের জন্য একটি দীর্ঘমেয়াদি রাজস্ব কাঠামো প্রয়োজন। MDR থেকে পাওয়া অর্থ পেমেন্ট ইকোসিস্টেমের বিভিন্ন অংশীদার—ব্যাঙ্ক, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং UPI অ্যাপ সংস্থাগুলির মধ্যে ভাগ হবে। এটি সরকারের কর নয় বলেও স্পষ্ট করেছে মন্ত্রক।

বিজ্ঞাপন

NPCI-র তরফেও জানানো হয়েছে, এই অর্থ UPI পরিকাঠামোর স্থিতিশীলতা, সাইবার নিরাপত্তা, জালিয়াতি প্রতিরোধ, উদ্ভাবন এবং গ্রাহক পরিষেবা শক্তিশালী করতে কাজে লাগবে।

আমেরিকার আপত্তির প্রসঙ্গ

ভারতের UPI ও ডিজিটাল পেমেন্ট নীতি নিয়ে মার্কিন সংস্থাগুলি অতীতে বাণিজ্যিক উদ্বেগ প্রকাশ করেছে। ২০২৬ সালের মার্কিন বাণিজ্য-সংক্রান্ত প্রতিবেদনে UPI-সহ ভারতের কিছু ডিজিটাল পেমেন্ট নীতিকে বাণিজ্যিক বাধা হিসেবে উল্লেখ করা হয়েছিল। তবে এই পূর্ববর্তী মার্কিন উদ্বেগ এবং বর্তমান MDR সিদ্ধান্তের মধ্যে সরাসরি কারণ-সম্পর্কের কোনও প্রমাণ প্রকাশ্যে দেওয়া হয়নি। কেন্দ্রও বলেছে, MDR-এর সিদ্ধান্ত স্বাধীনভাবেই নেওয়া হয়েছে।

এদিকে সরকারের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, MDR চালুর সিদ্ধান্ত পুনর্বিবেচনা বা প্রত্যাহারের কোনও পরিকল্পনা নেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *