নয়াদিল্লি: আগামী ১৫ অক্টোবর থেকে ইউপিআইয়ের নির্দিষ্ট কিছু ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর চালু হচ্ছে। তবে সাধারণ গ্রাহকের ইউপিআই লেনদেনে কোনও মাশুল বসবে না। এমনকি ২,০০০ টাকা পর্যন্ত সমস্ত ইউপিআই লেনদেনও বিনামূল্যেই থাকবে বলে জানিয়েছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই)।
মঙ্গলবার ইউপিআইয়ের নতুন এমডিআর কাঠামো প্রকাশ করেছে এনপিসিআই। নতুন নিয়মে ২,০০০ টাকার বেশি মূল্যের নির্দিষ্ট ব্যবসায়িক লেনদেনে সর্বোচ্চ ০.৪ শতাংশ পর্যন্ত এমডিআর প্রযোজ্য হবে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকও জানিয়েছে, এই মাশুল গ্রাহকের কাছ থেকে নেওয়া হবে না।
– বিজ্ঞাপন –
ছোট ব্যবসায়ীদের জন্য ছাড়
নতুন কাঠামো অনুযায়ী, কিউআর কোডের মাধ্যমে প্রতি মাসে ১ লক্ষ টাকা পর্যন্ত আয় করা ছোট ব্যবসায়ীদের কোনও এমডিআর দিতে হবে না। ফলে ছোট ব্যবসার ক্ষেত্রে অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হবে না।
অন্য দিকে, রেল, টেলিকম, বিমা, জ্বালানি এবং কৃষি উপকরণের মতো নির্দিষ্ট ক্ষেত্রে ২,০০০ টাকার বেশি প্রতিটি ব্যবসায়িক লেনদেনে ৫ টাকা করে এমডিআর প্রযোজ্য হবে।
বড় লেনদেনে সর্বোচ্চ ৩০০ টাকা মাশুল
অন্যান্য উচ্চমূল্যের গ্রাহক থেকে ব্যবসায়ী বা মার্চেন্টকে পাঠানো লেনদেনে নির্দিষ্ট হারে এমডিআর বসবে। ৭৫,০০০ টাকা বা তার বেশি মূল্যের লেনদেনের ক্ষেত্রে প্রতি লেনদেনে এমডিআরের সর্বোচ্চ সীমা ৩০০ টাকা রাখা হয়েছে।
মিউচুয়াল ফান্ড, সিকিউরিটিজ, স্টক ব্রোকার এবং ডিলারদের দেওয়া পেমেন্টের ক্ষেত্রে তুলনামূলক কম, ০.০২ শতাংশ হারে এমডিআর প্রযোজ্য হবে। এই ক্ষেত্রেও সর্বোচ্চ মাশুল ৩০০ টাকায় সীমাবদ্ধ থাকবে।
বিজ্ঞাপন
এই কমিশন ব্যাঙ্ক, পেমেন্ট অ্যাপ এবং পেমেন্ট ব্যবস্থার সঙ্গে যুক্ত অন্যান্য অংশীদারদের মধ্যে ভাগ হবে।
গ্রাহকদের ইউপিআই লেনদেনে কোনও মাশুল নয়
ইউপিআইয়ের মাশুল নিয়ে বিতর্কের মধ্যেই সোমবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে স্পষ্ট করে দিয়েছিল, ২,০০০ টাকা পর্যন্ত ইউপিআই লেনদেনে গ্রাহকের কাছ থেকে কোনও অতিরিক্ত মাশুল নেওয়া যাবে না। রুপে ডেবিট কার্ডের লেনদেনও এই চার্জ নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।
কেন্দ্রের নির্দেশ অনুযায়ী, ব্যাঙ্ক বা পেমেন্ট ব্যবস্থা পরিচালনাকারী সংস্থা সরাসরি বা পরোক্ষ ভাবে গ্রাহকের কাছ থেকে এই মাশুল আদায় করতে পারবে না। ফলে নতুন এমডিআর কাঠামো মূলত ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য হবে, সাধারণ গ্রাহকের দৈনন্দিন ইউপিআই ব্যবহারে নয়।
