মিরপুরে আজ নির্ধারণ হবে বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের ভাগ্য। তিন ম্যাচ সিরিজে এখন ১–১ সমতা, অর্থাৎ আজকের ম্যাচটি হয়ে উঠেছে সিরিজ নির্ধারণী ফাইনাল। তবে শুধু ট্রফি নয়, আজকের ম্যাচের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের র্যাঙ্কিং, আত্মসম্মান আর ইতিহাসের এক লজ্জাজনক রেকর্ড এড়ানোর লড়াইও।
যদি বাংলাদেশ আজ হারে তবে এটি হবে ওয়ানডেতে তাদের টানা পঞ্চম সিরিজ পরাজয়—২০০৫ সালে জিম্বাবুয়েকে হারিয়ে প্রথম ওয়ানডে সিরিজ জয়ের পর এমনটি আর কখনো ঘটেনি।
বিশ্বকাপের সরাসরি খেলায় টিকে থাকতে হলে ২০২৭ সালের মার্চের মধ্যে র্যাঙ্কিংয়ে অন্তত সেরা নয়ে থাকতে হবে বাংলাদেশকে। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ ৯ নম্বরে, বাংলাদেশ ১০ নম্বরে।
আজকের ম্যাচে ফলাফলের ভিত্তিতে অবস্থার চিত্র হবে এমন—
বাংলাদেশ জিতলে (২–১):
বাংলাদেশ থাকবে ১০ নম্বরে, পয়েন্ট হবে ৭৬
ওয়েস্ট ইন্ডিজ ৯ নম্বরে থাকবে, পয়েন্ট ৭৯
ওয়েস্ট ইন্ডিজ জিতলে (১–২):
র্যাঙ্কিং বদলাবে না; ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট হবে ৮১, বাংলাদেশের কমে ৭৩
অর্থাৎ জিতলেও বাংলাদেশ র্যাঙ্কিংয়ে এগোতে পারবে না, কিন্তু হেরে গেলে ব্যবধান আরও বাড়বে।
এই সিরিজের জন্য মিরপুরে তৈরি করা হয়েছে কালো মাটির স্পিন সহায়ক উইকেট, যা প্রথম ম্যাচে রিশাদ হোসেনের ৬ উইকেটে ফল দিয়েছে। কিন্তু দ্বিতীয় ম্যাচে সেই উইকেটেই জিতে গেছে ওয়েস্ট ইন্ডিজ — সুপার ওভারে।
মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্ব, টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা এবং ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন উঠছে ইতিমধ্যেই।
আজ একই কালো মাটির উইকেটে নামবে দুই দল। বাংলাদেশ চায় স্পিনের জালেই ক্যারিবীয়দের আটকাতে। জয় ছাড়া অন্য কোনো ফল মেনে নেওয়ার অবকাশ নেই মিরাজদের জন্য।
