বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। একই সঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখাও। এই দুইয়ের প্রভাবে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ারও সম্ভাবনা রয়েছে।

শনিবার থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির দাপট বাড়তে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ঝোড়ো হাওয়ার দাপট তুলনামূলক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।

– বিজ্ঞাপন –

রবিবার আরও বাড়বে বৃষ্টির দাপট

রবিবার দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিস্থিতি আরও খারাপ হতে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।

পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে সমুদ্র উপকূলবর্তী এলাকায় বাড়তি সতর্কতা প্রয়োজন।

সোমবারও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে সামগ্রিক ভাবে বৃষ্টির পরিমাণ কমতে পারে। যদিও বাঁকুড়া ও ঝাড়গ্রামের দু’-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।

কলকাতায় কী পরিস্থিতি?

নিম্নচাপের প্রভাব থেকে বাদ যাচ্ছে না কলকাতাও। শহরের আকাশ মূলত মেঘলা থাকবে। দুপুরের পর হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কোনও কোনও সময়ে ভারী বৃষ্টিও হতে পারে বলে পূর্বাভাস। বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

বিজ্ঞাপন

আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। সোমবার পর্যন্ত শহরে বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। তবে বৃষ্টির পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম ও অস্বস্তি পুরোপুরি কাটবে না।

শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৬ ডিগ্রি বেশি। আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা ২৭ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস

শুধু দক্ষিণবঙ্গ নয়, নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

রবিবার জলপাইগুড়ির কিছু অংশে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। সোমবার বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়তে পারে। সেদিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার আলিপুরদুয়ারের দু’-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বুধবার আপাতত কোনও সতর্কবার্তা নেই।

সব মিলিয়ে বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে আগামী কয়েক দিন রাজ্যজুড়েই সক্রিয় থাকবে বর্ষার পরিস্থিতি। বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *