বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য রোমাঞ্চকর খবর। ঢাকায় আসছেন আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার এবং কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার বিখ্যাত সতীর্থ ক্লদিও ক্যানিজিয়া। ১৭ আগস্ট সোমবার বিশেষ অতিথি হিসেবে ঢাকার মাঠে উপস্থিত থাকবেন ১৯৯০ বিশ্বকাপের ফাইনালে খেলা এই ফরোয়ার্ড।
স্পোর্টাম্যাজিকা ও ফর্টিস এফসির যৌথ উদ্যোগে আয়োজিত ‘ঢাকা ইন্টারস্কুল চ্যাম্পিয়ন্স লিগ (ডিআইসিএল)’ এর গ্র্যান্ড ফাইনালের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন ক্যানিজিয়া। ৩৬টি স্কুল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল (বিআইটি) এবং ঢাকা নৌবাহিনী কলেজ। ক্যানিজিয়ার এই সফরটি সম্পূর্ণ সৌজন্যমূলক যার মূল উদ্দেশ্য তরুণ ও বয়সভিত্তিক ফুটবলারদের অনুপ্রাণিত করা।
ফর্টিস ডাউনটাউন রিসোর্ট ও গ্রাউন্ডসে উপস্থিত থেকে সমাপনী আয়োজনের শুরু করবেন। বিকেল ৩টা ১৫ মিনিটে ফাইনাল খেলা শুরু হবে, সাড়ে চারটার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। এরপর ক্যানিজিয়া ও আয়োজকদের যৌথ সংবাদ সম্মেলন হবে বিকেল সাড়ে ৫টায়।
সফরকালে ক্যানিজিয়া ফর্টিস এফসির ফুটবল একাডেমি ও অনুশীলন সুবিধাগুলো ঘুরে দেখবেন। পাশাপাশি বাংলাদেশের বয়সভিত্তিক ও তৃণমূল ফুটবলের মানোন্নয়নে ভবিষ্যতে যৌথভাবে কাজ করার সুযোগ নিয়ে আয়োজকদের সাথে আলোচনা করবেন তিনি। আর্জেন্টিনার হয়ে ৫০টি আন্তর্জাতিক ম্যাচে ১৬টি গোল করেছেন ক্যানিজিয়া।


