খবর অনলাইন ডেস্ক: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছাপ্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই প্রাক্তন ক্রিকেট অধিনায়ক শাকিব আল হাসানের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ, মাগুরা শহরের কেশব মোড় এলাকায় অবস্থিত শাকিবের বাড়িতে দুর্বৃত্তরা পাথর নিক্ষেপ করে এবং আগুনও লাগায়।

শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়ের পাশাপাশি উপস্থিত ছিলেন শাকিব আল হাসানও। ধারণা করা হচ্ছে, সেই উপস্থিতিকেই কেন্দ্র করে নতুন করে ক্ষোভের সৃষ্টি হয় এবং তার কিছুক্ষণের মধ্যেই তাঁর বাড়িতে হামলার ঘটনা ঘটে।

– বিজ্ঞাপন –

বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’র প্রতিবেদন অনুযায়ী, বুধবার রাত প্রায় পৌনে ৯টার দিকে একদল ব্যক্তি শাকিবের বাড়ির সামনে জড়ো হয়ে লাঠি ও পাথর নিয়ে বিক্ষোভ দেখায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। তবে হামলাকারীদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।

মাগুরা সদর থানার কর্মকর্তা আবদুল্লা আল মামুন জানান, পাথর ও লাঠির আঘাতে বাড়ির একাধিক জানালার কাচ ভেঙে গেছে। যদিও এই ঘটনায় কেউ আহত হননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শাকিবের বাড়ির আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশের দাবি, বাড়ির লোহার গেটে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। পেট্রল বোমা ব্যবহার করা হয়েছিল কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত প্রমাণ মেলেনি। ঘটনার তদন্ত চলছে এবং এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

শাকিব আল হাসান কেবল বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটারই নন, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের সাংসদ হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। গত বছরের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তিনি আর দেশে ফেরেননি। তাঁর বিরুদ্ধে খুন-সহ একাধিক মামলাও দায়ের হয়েছে এবং একটি মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে বলে জানা যায়।

বিজ্ঞাপন

এদিকে, বাংলাদেশে নতুন সরকার গঠনের পর এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেতৃত্বে পরিবর্তনের পর শাকিবকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছিল। তাঁর বিরুদ্ধে চলমান মামলাগুলির ভবিষ্যৎ নিয়েও আলোচনা চলছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *