ভোরের আলো ফোটার আগেই বৃষ্টিতে ভিজেছে কলকাতা। সকাল থেকে কখনও টিপটিপ, কখনও আবার জোরে বৃষ্টি হচ্ছে। আকাশ ঘন মেঘে ঢাকা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, বুধবার দিনভর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় এমনই আবহাওয়া বজায় থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টাতেও দক্ষিণবঙ্গের আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

– বিজ্ঞাপন –

এই বৃষ্টির মূল কারণ হিসেবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, বর্তমানে একটি মৌসুমি অক্ষরেখা রাজস্থানের বীকানের থেকে বিহারের পাটনা হয়ে উত্তরবঙ্গের মালদহের উপর দিয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এই দুই আবহাওয়াগত ব্যবস্থার প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি ও বজ্রঝড়ের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

উত্তরবঙ্গে পরিস্থিতি আরও বেশি বৃষ্টিমুখর হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় এই পাঁচ জেলার জন্য কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

কলকাতার ক্ষেত্রে দিনভর আকাশ মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে দফায় দফায়। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদদের মতে, বৃষ্টির কারণে তাপমাত্রা খুব বেশি না বাড়লেও বাতাসে আর্দ্রতার মাত্রা বেশি থাকায় ভ্যাপসা অস্বস্তি কিছুটা বজায় থাকতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *